চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকার অসীম কুমারের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন করেছে এলাকাবাসী। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্মারকলিপি দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, নাচোল বাসস্ট্যান্ড মোড়ে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়। নাচোলের সর্বস্তরের জনগণ ও পরিবেশ রক্ষা সংগ্রাম কমিটির ব্যানারে এ কর্মসূচিতে নাচোল মহিলা ডিগ্রি কলেজ, পাইলট উচ্চবিদ্যালয়, খ ম বালিকা উচ্চবিদ্যালয়, এশিয়ান স্কুল অ্যান্ড কলেজ, বি এম ফাজিল মাদ্রাসা, পাঠশালা স্কুল অ্যান্ড কলেজসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মতিউর রহমান, উপজেলা প্রেসক্লাব ও পরিবেশ রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি আবদুস সাত্তার, নাচোল উন্নয়ন ফোরামের সদস্যসচিব আমানুল্লাহ আল মাসুদ, আওয়ামী লীগ নেতা তরিকুল ইসলাম, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিঙ্গু মুর্মু, আদিবাসী মুক্তি মোর্চার জেলা সভাপতি বিশ্বনাথ মাহাতো, নাচোল আদিবাসী একাডেমির সহসভাপতি রঞ্জনা রানী প্রমুখ।
বক্তারা বলেন, অসীম কুমার গত ৩০ জুলাই নাচোল উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দেন। তিনি এই সময়ের মধ্যে উপজেলা ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত করা, কর্মকর্তা-কর্মচারীদের ডিজিটাল হাজিরা, অনলাইনের মাধ্যমে জমি খারিজের আবেদন ও মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে খারিজ-সংক্রান্ত তথ্য প্রদান, সেবাগ্রহীতাদের জন্য ইলা মিত্র ছাউনি নির্মাণ ও গ্রন্থাগার স্থাপনসহ বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন। এ ছাড়া উত্ত্যক্তকারী, মাদকসেবী ও ব্যবসায়ী এবং ভেজালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তিনি স্বল্পসময়ে নাচোলবাসীর কাছে আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। কিন্তু কতিপয় ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী ও দালাল চক্র তাদের হীনস্বার্থ চরিতার্থ করতে অসীম কুমারকে বদলি করাতে উঠেপড়ে লেগেছে।
মানববন্ধনের আয়োজকেরা পরে ১১টার দিকে নাচোলের ইউএনও রাশেদ ওয়াসিফের দপ্তরে যান। এ সময় তাঁরা অসীম কুমারের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে রাজশাহী বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি দেন।