সহকারী কমিশনারের বিরুদ্ধে গাছ কেটে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাসউদের বিরুদ্ধে শতাব্দীপ্রাচীন একটি গাছের দুটি ডাল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।
এলাকার কয়েকজন অভিযোগ করেন, বাজিতপুর ডাকবাংলো মাঠের উত্তর পাশের বড় একটি রেইনট্রি গাছের দুটি বড় ডাল আবদুল্লাহ আল মাসউদ নিজ কাজে ব্যবহারের জন্য ১৮ অক্টোবর কাটিয়ে নিয়ে গেছেন; যার দাম প্রায় এক লাখ টাকা।
বাজিতপুর পৌরসভার সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাদত আলী বলেন, ‘কালের সাক্ষী শত বছরের জীবন্ত গাছটির ডাল কেটে সহকারী কমিশনার আত্মসাৎ করেছেন। জানতে চাইলে সহকারী কমিশনার বলেন, ‘উপজেলা প্রকৌশলীসহ চার সদস্যের গাছ কাটাসংক্রান্ত একটি কমিটি আছে। ওই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গাছের দুটি মরা ডাল কেটেছি। ডালগুলো বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা দেব।’
গাছের ডাল কাটার খবরে উপজেলা প্রকৌশলী আবদুল জলিল বিস্ময় প্রকাশ করে বলেন, ‘আমি কমিটির বিষয়ে কিছুই জানি না। সহকারী কমিশনার সরকারি কর্মকর্তা হয়ে একটি জীবন্ত গাছের ডাল কাটতে পারেন না।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ নূরুন্নবী বলেন, ‘আমি এ বিষয়ে অভিযোগ শুনেছি। বিষয়টি সত্য হলে আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করব।’