সহকারী কমিশনারের বিরুদ্ধে চুরির মামলা
গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. শাহরিয়ার মতিনের বিরুদ্ধে অর্থ চুরির অভিযোগে মামলা হয়েছে। গত সোমবার রাতে গোপালগঞ্জ থানায় ওই কার্যালয়ের ভূমি হুকুমদখল শাখার উচ্চমান সহকারী মো. ফিরোজ মাহমুদ বাদী হয়ে মামলাটি করেন।এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি হুকুমদখল শাখায় ভারপ্রাপ্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তার দায়িত্বে ছিলেন মো. শাহরিয়ার। দায়িত্বে থাকা অবস্থায় তিনি ক্ষতিগ্রস্ত ভূমিমালিকদের ক্ষতিপূরণের অর্থ প্রদানসংক্রান্ত সব কাগজপত্র, সিসি ভাউচার, অ্যাওয়ার্ড বই, চেকবইসহ অন্য কাগজপত্র নিজের জিম্মায় রাখতেন। গত ২০ মে তিনি দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় ওই কাগজপত্র তিনি ফেরত দিলেও ৪৮ লাখ ৭৭ হাজার ২৬২ টাকা ৪৫ পয়সার লেনদেন-সংক্রান্ত সিসি ভাউচার, অ্যাওয়ার্ড বই, চেকবই এবং ওই টাকার হিসাব পাওয়া যায়নি। অভিযোগের ব্যাপারে একাধিকবার মো. শাহরিয়ারের মুঠোফোনে ফোন দেওয়া হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। তবে জেলা প্রশাসক মো. খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সে যে কাজ করেছে তা জঘন্য। তার বিরুদ্ধে এ-সংক্রান্ত বিভাগীয় একটি মামলা চলছে।’