জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সদর ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী কর্মকর্তা ইত্তাজুল ইসলাম জমিসংক্রান্ত বিভিন্ন কাজে যাওয়া ব্যক্তিদের নানাভাবে হয়রানি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে গত ৮ অক্টোবর কয়েকজন এলাকাবাসী জয়পুরহাট জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে আবদুল করিম মোল্লা বলেন, ক্ষেতলাল মৌজার ১৪ শতক জমির খাজনা দিতে গেলে ওই কর্মকর্তা তাঁর কাছে মনগড়াভাবে ১০-১২ হাজার টাকা দাবি করেন। এ নিয়ে তাঁকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। এ কারণে এখনো পর্যন্ত ওই জমির খাজনা দেওয়া হয়নি।
অপর অভিযোগকারী রামপুরা চৌধুরীপাড়া গ্রামের বোরহান উদ্দিন বলেন, প্রায় তিন মাস আগে তিনি ১০ শতাংশ জমির খাজনা পরিশোধ করার জন্য ওই ভূমি কার্যালয়ে গেলে ইত্তাজুল ইসলাম মনগড়াভাবে তাঁর কাছে ১০ হাজার টাকা দাবি করেন।
সূর্যবান গ্রামের আবদুল হাকিম সরদার বলেন, তিনি জমির খাজনা পরিশোধ করতে গেলে ভূমি সহকারী কর্মকর্তা ইত্তাজুল তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন। এক পর্যায়ে তাঁর কাছে মনগড়াভাবে ২০ হাজার টাকা দাবি করা হয়। তাঁর অত্যাচারে এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে পড়েছেন বলে মন্তব্য করেন তিনি।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ইত্তাজুল ইসলাম দাবি করেন, তিনি সঠিকভাবেই তাঁর দায়িত্ব পালন করছেন। কিন্তু অনেকেই বেআইনিভাবে দ্রুত খাজনা খারিজসংক্রান্ত কাজ করে নিতে চান। তাতে রাজি না হওয়ায় তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানা আখতার জাহান বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জয়পুরহাট জেলা প্রশাসক ইয়াছিন আলী বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।