সহকারী কেন্দ্রসচিবসহ ১১ জনকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ের একটি কেন্দ্রে গত বৃহস্পতিবার ভুল প্রশ্নপত্রে ৭১ জন শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রের সহকারী কেন্দ্রসচিব, হল সুপার ও সহকারী হল সুপার, ছয়জন কক্ষ পরিদর্শক, একজন শিক্ষক ও একজন অফিস সহকারীকে ওই দিনই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
ধামরাইয়ের ইউএনও সৈয়দ শরীফুল ইসলাম বলেন, বিষয়টি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বোর্ড কর্তৃপক্ষ ওই সব শিক্ষার্থীর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ধামরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মূল পরীক্ষা কেন্দ্র হার্ডিঞ্জ উচ্চবিদ্যালয় ধামরাই পৌরসভার উত্তরপাতা এলাকায় অবস্থিত হলেও পরীক্ষার্থী বেশি হওয়ায় যাত্রাবাড়ী এলাকার আবদুস সোবাহান মডেল হাইস্কুলে পরীক্ষা নেওয়া হচ্ছিল। বৃহস্পতিবার ওই ভেন্যুতে (আবদুস সোবাহান মডেল হাইস্কুল) রসায়ন, পৌরনীতি ও ব্যবসায় উদ্যোগ বিষয়ে ২৭৯ জন শিক্ষার্থী অংশ নেয়। তারা সবাই নিয়মিত পরীক্ষার্থী। এর মধ্যে ব্যবসায় উদ্যোগ বিষয়ের অংশগ্রহণকারী ১০৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৭১ জনকে ভুল করে ২০১৪ সালের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র দেওয়া হয়। পরীক্ষা শেষে বিষয়টি একজন কক্ষ পরিদর্শকের নজরে এলে তিনি বিষয়টি কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে ইউএনও সৈয়দ শরীফুল ইসলাম কেন্দ্রে গিয়ে ঘটনার সত্যতা পান। তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেনকে বিষয় তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে পরীক্ষা পরিচালনার সঙ্গে যুক্ত ১১ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন বলেন, পরীক্ষা শুরু হওয়ার আগে হার্ডিঞ্জ উচ্চবিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান ও অফিস সহকারী আবদুল মালেক প্রশ্নপত্র বণ্টন করেন। এসব প্রশ্নপত্র বুঝে নিয়ে হল সুপার আক্তার হোসেন ও সহকারী হল সুপার মিজানুর রহমান ওই কেন্দ্রে গিয়ে (আবদুস সোবাহান মডেল হাইস্কুল) বিভিন্ন কক্ষে প্রশ্নপত্র বিতরণ করেন। নৈর্ব্যক্তিক পরীক্ষা শেষে একজন কক্ষ পরিদর্শকের মাধ্যমে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এরপর তাঁকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্তে ঘটনার সত্যতা পেয়ে তিনি ওই দিনই ইউএনওর কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। এরপর ১১ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।