জাল সনদ দিয়ে চাকরি নেওয়ার দায়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আবদুল্লাবাদ বহুমুখী উচ্চবিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিককে সাত বছরের সশ্রম কারাদণ্ড (জেল) ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাঁকে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ওই গ্রন্থাগারিকের নাম সুলতান খালাসী। গত রোববার বিকেলে তাঁর বিরুদ্ধে ফরিদপুরের ২ নম্বর আমলি আদালতের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মাসুদ আলী ওই আদেশ দেন। এ সময় আসামি উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১১ সালের ৮ জুন সুলতান খালাসী ওই বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক পদে নিয়োগ পান। নিয়োগের সময় তিনি এসএসসি ও এইচএসসির তৃতীয় বিভাগের স্থলে দ্বিতীয় বিভাগের জাল সনদ দেন। ওই নিয়োগ অবৈধ দাবি করে বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্য সূর্য মিয়া বাদী হয়ে সুলতান খালাসী, নিয়োগ বোর্ডের সভাপতি আবুল হাশেম খান, প্রধান শিক্ষক আ. রশিদ চোকদার ও সহকারী শিক্ষক ইসমাইল মিয়াকে আসামি করে ফরিদপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলা করেন।
বাদীপক্ষের আইনজীবী এ ও এম খালেক বলেন, আদালত সুলতান খালাসী বাদে অন্য তিন আসামিকে আগেই মামলা থেকে অব্যাহতি দেন। গত রোববার রায়ে শুধু সুলতান খালাসীকে দোষী সাব্যস্ত করে শাস্তির আদেশ দেওয়া হয়।