সুনামগঞ্জের আদালতের সহকারী জজ মো. মহিউদ্দিনকে পিটিয়েছেন র্যাব-১১ কুমিল্লার সদস্যরা। গত মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লার নানুয়াদীঘির পাড়ে মহিউদ্দিনের শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে। কুমিল্লা সিটি করপোরেশনের বিএনপিদলীয় মেয়র মো. মনিরুল হক তাঁর চাচাশ্বশুর।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক কাইমুল হককে জামিন না দেওয়ায় গতকাল বুধবার আদালতে ভাঙচুর করেছেন তাঁর সমর্থিত আইনজীবীরা। এ ঘটনায় এক বিচারক আহত হয়েছেন।
এলাকার অনেকে জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় মহিউদ্দিন তাঁর স্ত্রীকে নিয়ে শ্বশুর শহীদুল হকের (মেয়র মনিরুলের বড় ভাই) বাসায় যান। ওই দিনই সেখানে র্যাব সদস্যরা হানা দেন। একপর্যায়ে মনিরুল ওই বাসায় আছেন কি না, তাঁরা জানতে চান। জবাবে ওই বিচারক বলেন, তিনি এ বাসার চারতলায় থাকেন। এরপর কিছু বুঝে ওঠার আগেই র্যাব তাঁকে পিটুনি দেওয়ার চেষ্টা চালায়। তিনি তাঁর পরিচয় দিলে র্যাব সদস্যরা ক্ষিপ্ত হয়ে তাঁর পিঠে, কোমরে ও পায়ে আঘাত করেন। পরে তাঁকে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বিকেলে তিনি ওই হাসপাতাল থেকে নিজ বাসা নগরের ধর্মসাগর পাড়ে ফিরে আসেন।
মো. মহিউদ্দিন বলেন, ‘বিষয়টি আইন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরিচয় দেওয়ার পরও র্যাব এভাবে মারবে, তা ভাবতেই পারিনি।’
র্যাব-১১-এর অধিনায়ক মেজর মো. শাহেদ হাসানের মুঠোফোনে গতকাল রাত সোয়া আটটার দিকে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় মেয়র মনিরুলের ভাই কাইমুল ও জহিরুল হককে নগরের নানুয়াদীঘির পাড়ের নিজ বাসা থেকে গ্রেপ্তার করে র্যাব। এরপর তাঁদের নগরের শাকতলা র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। রাতে তাঁদের থানায় নেওয়া হয়। এরপর গতকাল পুলিশ ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের কুমিল্লার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম অম্লান কুসুম জিষ্ণুর আদালতে হাজির করেন। বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করেন। পরে তাঁর সমর্থক আইনজীবীরা এজলাসে হইচই শুরু করেন। আইনজীবীরা আদালত প্রাঙ্গণে মিছিল করেন। এ সময় তাঁরা বার লাইব্রেরির কয়েকটি জানালার কাচ ইট মেরে ভাঙচুর করেন। এ সময় ইটের আঘাতে আরেকটি আদালতের খাস কামরায় বসা স্পেশাল জজ আবুল হোসেন ব্যাপারী আহত হন। খবর পেয়ে জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া ও পুলিশ সুপার টুটুল চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি কাজী নাজমুস সাদাত জানান, কোনো আইনজীবী আদালতের আসবাব ও জানালার কাচ ভাঙচুর করেননি।