সহকারী দেন চিকিৎসা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ী ইউনিয়নের খোকসাবাড়ীর ১০ শয্যাবিশিষ্ট পল্লী স্বাস্থ্যকেন্দ্রে এখন কোনো চিকিৎসক নেই। পদ না থাকলেও সংকট নিরসনের জন্য অন্য উপজেলা থেকে দুজন চিকিৎসা সহকারীকে প্রেষণে এনে কাজ চালানো হচ্ছে।

সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয় ও স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে ১৯৬১ সালে পাঁচটি ইউনিয়নের জনসাধারণকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য ১০ শয্যার পল্লী স্বাস্থ্যকেন্দ্রটি স্থাপন করা হয়। কেন্দ্রে দুজন চিকিৎসকের পদ আছে। এই হাসপাতালে প্রতিদিন বহির্বিভাগে গড়ে ১৫০ জন রোগী আসে। আর অন্তর্বিভাগে প্রতিদিন পাঁচ-ছয়জন রোগী ভর্তি থাকে।

গত শনিবার স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা যায়, একটি কক্ষে দুজন চিকিৎসা সহকারী রোগীদের ব্যবস্থাপত্র দিচ্ছেন। খোকসাবাড়ি গ্রামের আজিম উদ্দীন বলেন, ‘যমুনা নদীর চর পার হয়ে চিকিৎসা নিতে আসি। কিন্তু বড় ডাক্তার না থাকায় তারা ভর্তি করল না। বলে দিল, সদর হাসপাতালে যেতে।’

চিকিৎসা সহকারী ও নার্সরা বলেন, সাইফুল ইসলাম নামের একজন চিকিৎসক এখানে কর্মরত ছিলেন। গত বছর তাঁকে প্রেষণে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। অন্য চিকিৎসক জুলিয়া আকতার কয়েক মাস ধরে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। ফলে এখন চিকিৎসা সহকারী ও নার্সরাই চিকিৎসাসেবা কার্যক্রম চালাচ্ছেন। অথচ এ কেন্দ্রে চিকিৎসা সহকারীর কোনো পদ নেই। কর্মরত দুজনকে প্রেষণে আনা হয়েছে।

সিরাজগঞ্জ সিভিল সার্জন সেখ মনজুর রহমান বলেন, গত রোববার একজন চিকিৎসককে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রেষণে খোকসাবাড়ী পল্লী স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্ব দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে ইপিআই কর্মসূচির আওতায় ভ্যাকসিন সরবরাহের জন্য এই স্বাস্থ্যকেন্দ্রে একটি কোল্ড স্টোরেজ স্থাপন করা হয়েছে। শিগগিরই এর অবকাঠামোর উন্নয়ন করা হবে।