সহকারী পুলিশ সার্জেন্টকে মারধর, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের মজমপুর ট্রাফিক কার্যালয়ের সামনে গতকাল রোববার হেলাল উদ্দীন নামের এক সহকারী পুলিশ সার্জেন্টকে বাসের শ্রমিকেরা মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সামাদ মালিথা (৩৭) ও নাসির আলী (৪০) নামের দুজনকে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে একটি ট্রলি দুর্ঘটনাকবলিত একটি বাস টেনে নিয়ে যাচ্ছিল। মজমপুর মোড়ে পৌঁছালে ট্রলিটি মোড় না ঘুরে অবৈধভাবে সড়ক অতিক্রম করছিল। এ সময় হেলাল উদ্দীন ট্রলির চালককে থামিয়ে সঠিকভাবে রাস্তা পার হতে বলেন। এতে বাসের শ্রমিকেরা উত্তেজিত হয়ে তাঁর সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। হেলাল উদ্দীন অভিযোগ করেন, শ্রমিকেরা একপর্যায়ে তাঁকে মারধর শুরু করলে তিনি দৌড়ে ট্রাফিক কার্যালয়ের ভেতরে চলে যান। সেখানেও মারধর করতে উদ্যত হলে ট্রাফিক পুলিশ আইয়ুব আলী বাধা দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে শ্রমিকদের ধাওয়া করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে আটক করেছে। কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নুর হোসেন বলেন, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। এর জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মশিউর রহমান বলেন, পুলিশ সার্জেন্টকে মারধরের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।