সহকারী প্রকৌশলীদের স্থায়ীকরণ নিয়ে বিতণ্ডা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলমের সঙ্গে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম শাখার নেতারা বাগিবতণ্ডা করেছেন বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। তবে উভয় পক্ষই বিষয়টি অস্বীকার করেছেন।
করপোরেশন সূত্রে জানা গেছে, আইইবির চট্টগ্রাম শাখার সম্পাদক উদয় শংকর চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল মেয়র মন্জুর আলমের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। তাঁরা অ্যাডহক ভিত্তিতে নিয়োগ পাওয়া সহকারী প্রকৌশলীদের স্থায়ী ও পদোন্নতির দাবি জানান। এই দাবির জের ধরে করপোরেশনের মেয়র ও কর্মকর্তা এবং আইইবি নেতাদের মধ্যে বাগিবতণ্ডার ঘটনা ঘটে। করপোরেশনের কয়েকজন উপসহকারী প্রকৌশলীও এ ঘটনায় জড়িয়ে পড়েন।
আইইবির চট্টগ্রাম শাখার সম্পাদক উদয় শংকর চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রত্যেক সরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলী পদের ৬৭ শতাংশ বিএসসি ডিগ্রিধারী এবং ৩৭ শতাংশ ডিপ্লোমা ডিগ্রিধারীদের নিয়োগ দেওয়ার নিয়ম। কিন্তু করপোরেশনে অনেক দিন ধরে এ নিয়ম মানা হচ্ছে না। মেয়র মহোদয়কে নিয়মটি অবহিত করার সময় করপোরেশনের কিছু কর্মকর্তা ভুল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। তবে এ সময় কোনো উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন তিনি।
উদয় শংকর চৌধুরী আরও বলেন, করপোরেশনের ছয় শূন্য সহকারী প্রকৌশলী পদের বিপরীতে অ্যাডহক ভিত্তিতে ছয়জন বিএসসি ডিগ্রিধারীকে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু অনেক দিন ধরে তাঁদের স্থায়ী করা হচ্ছে না। তাঁদের পদোন্নতিও আটকে আছে।
এদিকে উত্তপ্ত বাক্যবিনিময়ের বিষয়টি অস্বীকার করে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ প্রথম আলোকে বলেন, মেয়র মহোদয়ের সঙ্গে আইইবি নেতাদের নির্ধারিত বৈঠক ছিল না। তাঁরা সৌজন্য সাক্ষাৎ করে তাঁদের বিভিন্ন দাবি মেয়র মহোদয়কে জানিয়েছেন।