সহকারী প্রক্টর আনোয়ার হোসেনকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবির মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীকে আজ সোমবার প্রক্টরিয়াল বডি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ সোমবারও ক্যাম্পাসে অবরোধ চলছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী আজ সকালে প্রথম আলোকে বলেন, কর্তৃপক্ষের সিদ্ধান্তে আনোয়ার হোসেনকে সহকারী প্রক্টরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁকে অব্যাহতির কারণ এখনই বলা যাচ্ছে না।

দিয়াজ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে গতকাল রোববার থেকে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের অবরোধ ডাকেন তাঁর অনুসারী নেতা-কর্মীরা।

অবরোধকারীরা পাঁচ দফা দাবি দিয়েছেন। তার মধ্যে দিয়াজ হত্যা মামলা সুষ্ঠু তদন্তের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেনকে প্রক্টরিয়াল বডি থেকে দ্রুত অপসারণ ও চাকরিচ্যুত করার দাবি রয়েছে। বাকি দাবিগুলো হলো, মামলার সব আসামিকে দ্রুত গ্রেপ্তার ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, আগের ময়নাতদন্ত প্রতিবেদন বাতিল করে নতুন করে ময়নাতদন্ত করা, শিক্ষায় সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সাধারণ শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা।

২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ২ নম্বর গেট এলাকার নিজ বাসা থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

দিয়াজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পরে কেন্দ্রীয় রাজনীতিতে গেলেও ক্যাম্পাসে তাঁর বেশ প্রভাব ছিল।

দিয়াজকে হত্যা করা হয়েছে—এমন আলামত ময়নাতদন্ত প্রতিবেদনে মেলেনি। তিনি আত্মহত্যা করেছেন বলে মত দিয়েছেন চিকিৎসকেরা। দিয়াজের পরিবার ও ছাত্রলীগের একটি অংশ এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, দিয়াজকে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে খুনিরা।

হত্যার অভিযোগে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুসহ ছাত্রলীগের বর্তমান ও সাবেক নয় নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী।

আরও পড়ুন: