সহকারী প্রক্টর, ছাত্রলীগ সভাপতিসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর লাশ উদ্ধারের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতিসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের আদালতে মামলাটি করেন নিহত দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী। আদালত অভিযোগ আমলে নিয়ে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন।
দুপুরে দিয়াজের মা চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিপলু কুমার দের আদালতে মামলা করেন। এতে সহকারী প্রক্টর আনোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জামশেদুল আলম চৌধুরী, বর্তমান কমিটির সহসভাপতি আবদুল মালেক, মনসুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব, সাংগঠনিক সম্পাদক মো. আরমান, প্রচার সম্পাদক রাশেদুল আলম, আপ্যায়ন সম্পাদক মিজানুর রহমান ও সদস্য আরিফুল হককে আসামি করা হয়।
মামলা করার তিন ঘণ্টা পর বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দিয়াজের পরিবার। দিয়াজের মৃত্যুর জন্য সহকারী প্রক্টর আনোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুসহ কয়েকজন ছাত্রনেতাকে দায়ী করেন বোন জুবাঈদা ছরওয়ার চৌধুরী। এ সময় দিয়াজের মা বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। তাঁর হস্তক্ষেপ চাই। যা বলার তাঁকেই বলব।’
হত্যায় জড়িত থাকার অভিযোগে দিয়াজের পরিবারের করা মামলার বিষয়ে জানতে সহকারী প্রক্টর আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি।
ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু বলেন, ‘এটি হত্যা নয়, আত্মহত্যা। দিয়াজের পরিবার কেন মামলা করেছে বুঝতে পারছি না। আমি জড়িত নই। একটি মেয়ের সঙ্গে সম্পর্কের জেরে দিয়াজ আত্মহত্যা করেছে বলে শুনেছি।’
গত রোববার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ২ নম্বর গেট এলাকার নিজ বাসা থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এর ২২ দিন আগে দিয়াজসহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের চার নেতার বাসায় তাণ্ডব চালানো হয়। ৯৫ কোটি টাকার দরপত্রের ভাগ-বাঁটোয়ারাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির অনুসারী নেতা-কর্মীরা ওই হামলা চালান বলে অভিযোগ ওঠে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৯৫ কোটি টাকা ব্যয়ে দুটি ভবন নির্মাণের দরপত্রকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে আড়াই মাস ধরে একের পর এক পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটছে। এই সময়ের মধ্যে অন্তত ছয়বার রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে ১০ জন আহত হয়েছেন। দিয়াজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পরে কেন্দ্রীয় রাজনীতিতে গেলেও ক্যাম্পাসে তাঁর বেশ প্রভাব ছিল।
গত বুধবার দুপুরে পুলিশ সাংবাদিকদের জানায়, দিয়াজকে হত্যা করা হয়েছে এমন আলামত ময়নাতদন্ত প্রতিবেদনে মেলেনি। তিনি আত্মহত্যা করেছেন বলে মত দিয়েছেন চিকিৎসকেরা। তবে এ প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে দিয়াজের পরিবারসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি অংশ।
সংবাদ সম্মেলনে দিয়াজের বোন আইনজীবী জুবাঈদা ছরওয়ার চৌধুরী বলেন, দিয়াজের উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি। ফ্যান ও বিছানার মধ্যে দূরত্ব পাঁচ ফুট চার ইঞ্চি। লাশ ফ্যানের সঙ্গে ঝুলে থাকার সময় দিয়াজের পা বালিশের সঙ্গে লাগানো ছিল। এটা যে হত্যাকাণ্ড তা স্পষ্ট। কারণ দিয়াজকে মেরে লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়। আর ঘরের বেলকনি দিয়ে ঘাতকেরা মই ব্যবহার করে নির্মাণাধীন ভবন দিয়ে পালিয়ে যায়। তার মোবাইল ফোনটিও পাওয়া যাচ্ছে না।
এদিকে দিয়াজ ‘হত্যার’ বিচারের দাবিতে গতকালও রেলপথ ও সড়কপথ অবরোধ করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক পক্ষের নেতা-কর্মীরা। অক্সিজেন-হাটহাজারী সড়কের বিভিন্ন মোড়ে গতকাল সকালে অবরোধ করেন নেতা-কর্মীরা। এ ছাড়া মদনহাট এলাকার জামতল সড়ক থেকে বিশ্ববিদ্যালয়ের এক বাসচালক ও তাঁর সহকারীকে আড়াই ঘণ্টা আটক করে রাখেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।
বাসচালক মাসুদ ও সহকারী মনিরকে পরে ছেড়ে দেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল আজম জানান।
শাটল ট্রেন না চলায় গতকাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। অধিকাংশ বিভাগে ক্লাস হয়নি। তবে কয়েকটি বিভাগে পরীক্ষা হয়েছে।
শাটল ট্রেন না চলার বিষয়ে চট্টগ্রামের ষোলশহরের স্টেশনমাস্টার মো. শাহাবউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে আমরা শাটল চলাচল বন্ধ রেখেছি।’