সহকারী প্রক্টরকে অব্যাহতি শিথিল হলো অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলার আসামিদের মধ্যে তাঁর নাম রয়েছে। গতকাল সোমবার সকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরে বিকেলে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি শিথিল করার ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এর আগে গতকাল সকালে চট্টগ্রাম নগরের বটতলী ও ষোলশহর স্টেশন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ২ নম্বর গেট এলাকায় অবস্থান নেন অবরোধকারী শিক্ষার্থীরা। তাঁরা শাটল ট্রেন ও ডেমু ট্রেন চলাচলে বাধা দেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাস ক্যাম্পাস
 থেকে শহরে আসতে দেওয়া হয়নি। ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুব কম। কোনো বিভাগে ক্লাস হয়নি।

নগরের ষোলোশহর জংশনের স্টেশনমাস্টার মো. শাহাবুদ্দিন গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অবরোধকারীদের বাধায় গতকাল শাটল ও ডেমু ট্রেন চলাচল করেনি।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করাসহ পাঁচ দফা দাবিতে গত রোববার থেকে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের অবরোধ শুরু করেন তাঁর অনুসারী নেতা-কর্মীরা। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি ডাকা হয়। দিয়াজ হত্যা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেনকে প্রক্টরিয়াল বডি থেকে দ্রুত অপসারণ ও চাকরিচ্যুত করার দাবি ছিল। এ ছাড়া অন্যান্য দাবির মধ্যে ছিল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুসহ মামলার অন্য আসামিদের গ্রেপ্তার ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা, দিয়াজের লাশের ময়নাতদন্ত প্রতিবেদন বাতিল করে নতুন করে ময়নাতদন্ত করা, শিক্ষায় সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সাধারণ শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, সহকারী প্রক্টর আনোয়ার হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর পদে অন্য কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। প্রক্টরিয়াল বডির অন্য সদস্যরা কার্যক্রম পরিচালনা করবেন। শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে তিনি বলেন, খুব দ্রুত এ সমস্যার সমাধান হয়ে যাবে।

২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ২ নম্বর গেট এলাকার নিজ বাসা থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এর ২২ দিন আগে দিয়াজসহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের চার নেতার বাসায় তাণ্ডব চালানো হয়। ৯৫ কোটি টাকার দরপত্রের ভাগ-বাঁটোয়ারাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির অনুসারী নেতা-কর্মীরা ওই হামলা চালান বলে অভিযোগ ওঠে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৯৫ কোটি টাকা ব্যয়ে দুটি ভবন নির্মাণের দরপত্রকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে আড়াই মাস ধরে একের পর এক পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটছে। এই সময়ের মধ্যে অন্তত ছয়বার রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে ১০ জন আহত হয়েছেন।

দিয়াজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পরে কেন্দ্রীয় রাজনীতিতে গেলেও ক্যাম্পাসে তাঁর বেশ প্রভাব ছিল।

দিয়াজকে হত্যা করা হয়েছে এমন আলামত ময়নাতদন্ত প্রতিবেদনে মেলেনি। তিনি আত্মহত্যা করেছেন বলে মত দিয়েছেন চিকিৎসকেরা। দিয়াজের পরিবার ও ছাত্রলীগের একটি অংশ এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, দিয়াজকে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে খুনিরা।

আন্দোলনের বিষয়ে দিয়াজের অনুসারী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি নাজিম উদ্দিন ও পাঠাগার সম্পাদক আবু বকর বলেন, ‘আমাদের পাঁচটি দাবির একটি মেনে নেওয়ায় অবরোধ শিথিল করা হয়েছে। মঙ্গলবার (আজ) থেকে ক্লাস ও পরীক্ষা অবরোধের আওতামুক্ত থাকবে। তবে অন্য দাবিগুলো আদায়ে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’