সহকারী প্রক্টরের লোভ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ অহিদুল আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক। সহকারী প্রক্টর হিসেবে বিশ্ববিদ্যালয়ের সব অনিয়ম দূর করার দায়িত্ব পালনকারীদের একজন তিনি। তিনিই এবার অনিয়ম করে বসলেন।
সম্প্রতি শেষ হওয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় অহিদুল আলম মোট পাঁচ বেলা দায়িত্ব পালন করেছেন। কিন্তু তিনি ১২ বেলা দায়িত্ব পালন করেছেন দেখিয়ে সাড়ে ১৭ হাজার টাকা অতিরিক্ত আদায় করেছেন। সহকারী প্রক্টরের মতো গুরুত্বপূর্ণ পদে থেকে এ ধরনের অনিয়ম নিয়ে শিক্ষকদের মাঝে সমালোচনা শুরু হয়েছে।
সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ে ১৬ নভেম্বর থেকে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষা শেষ হয় চলতি মাসের ২৬ তারিখ। এই সময়ে কখনো এক বেলায় আবার কখনো দুই বেলায় মোট ১২টি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টররা এক বেলায় পরীক্ষা চলাকালে দায়িত্ব পালন করলে আড়াই হাজার টাকা করে পান। সেই হিসাবে পাঁচ বেলা দায়িত্ব পালনকারী অহিদুল আলমের পাওয়ার কথা সাড়ে ১২ হাজার টাকা। কিন্তু ১২ বেলায় দায়িত্ব পালন করছেন দেখিয়ে তিনি আদায় করেছেন ৩০ হাজার টাকা। তিনি ছুটিতে থেকেও ১৬ নভেম্বর এক দিন ভর্তি পরীক্ষার দায়িত্ব পালন করেছেন বলে অভিযোগ রয়েছে।
মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আশরাফুল আজম খান প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে অনুষ্ঠিত একটি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিতে অহিদুল ২৪ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ছুটিতে ছিলেন। ছুটি শেষে তিনি ২৫ নভেম্বর বিভাগে যোগদান করেন।
মোহাম্মদ অহিদুল আলম প্রথম আলোর কাছে দাবি করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই তাঁকে ওই কর্মশালায় প্রতিনিধি হিসেবে পাঠান। সে হিসেবে তিনি ভর্তি পরীক্ষায় পাঁচ বেলায় দায়িত্ব পালন করলেও ১২ বেলার টাকা তুলেছেন।
জ্যেষ্ঠ শিক্ষকদের দাবি, ছুটিতে থেকে কেউ দায়িত্ব পালন করতে পারেন না। তিনি মিথ্যাচারের আশ্রয় নিয়েছেন। এটি একটি ন্যক্কারজনক ঘটনা। সামান্য কিছু টাকার জন্য যখন একজন শিক্ষক নিজেকে নৈতিকতাকে বিকিয়ে দেন, তাঁর কাছ থেকে শিক্ষার্থীরা কী শিখবে?
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ সফিউল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির বিষয়গুলো প্রক্টরই দেখেন। তিনি যে রকম হিসাব পাঠান, সে অনুসারেই টাকাটা দেওয়া হয়।
অহিদুল অতিরিক্ত টাকা নিয়েছেন বলে স্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান তৌহিদ ওসমান। তিনি বলেন, ‘আমি তো ভেবেছিলেম সব সহকারী প্রক্টরই ১২ বেলায় দায়িত্ব পালন করেছেন। তাই সব সহকারী প্রক্টরের জন্যই আমি ১২ বেলা হিসাব করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়েছিলাম।’