সহকারী প্রধান শিক্ষকের অপসারণ দাবি শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলামের অপসারণের দাবিতে গত রোববার শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে। অভিযোগ তদন্তে পরদিন গত সোমবার একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাঁর অপসারণের দাবি করে শিক্ষার্থীরা।শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, এ শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণীতে ভর্তিসহ পুনর্ভর্তির ক্ষেত্রে অন্যান্য সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের চেয়ে প্রায় তিন গুণ বেশি ফি আদায় করা হয়েছে। এভাবে ৫৫০ শিক্ষার্থীর কাছ থেকে প্রায় চার লাখ ৩৪ হাজার ৫০০ টাকা আদায় করা হয়েছে।শিক্ষার্থীরা জানায়, ম্যাগাজিনের জন্য টাকা নেওয়া হয়েছে। অথচ গত ১৫ বছরে কোনো ম্যাগাজিন বের হয়নি। টিফিনের জন্য ৬০ টাকা নেওয়া হলেও গত দুই মাসে এক দিনও টিফিন দেওয়া হয়নি।অভিভাবক নাসির উদ্দিন বলেন, সরকারি বিদ্যালয়ে সাধারণ পরিবারের সন্তানেরা কম টাকায় পড়াশোনার জন্য ভর্তি হয়। কিন্তু কোনো নিয়মকানুনের তোয়াক্কা না করে সহকারী প্রধান শিক্ষক নিজের মতো ১৬টি অতিরিক্ত খাত বের করে হাজার হাজার টাকা লুটপাট করছেন।এ বিষয়ে জহুরুল ইসলাম বলেন, বিদ্যালয়ের স্বার্থে কিছু টাকা বেশি ধরা হলেও তা যথাযথভাবেই ব্যয় করা হয়। এ বছরই ম্যাগাজিন, কম্পিউটার ও কমনরুমের মতো বিষয়গুলো বাস্তবায়ন করা হবে।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিখিল চন্দ্র রায় বলেন, যেসব অভিযোগ উঠেছে, তার সব কটি হয়তো ঠিক নয়। ইউএনও ছরোয়ার হোসেন বলেন, অভিযোগ তদন্তে সোমবার উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল আলমকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।