সহকারী প্রাথমিক শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহার
অষ্টম বেতন স্কেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে নির্ধারণসহ কয়েকটি দাবিতে আন্দোলনরত শিক্ষকেরা কর্মসূচি প্রত্যাহার করেছেন।
গতকাল বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীরের সঙ্গে আন্দোলনে নেতৃত্বে থাকা সহকারী শিক্ষক ফেডারেশনের নেতাদের বৈঠকের পর কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকের পর ফেডারেশনের নেতা নাসরীন সুলতানা বলেন, মহাপরিচালক তাঁদের বিষয়টি নিয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলবেন। বিষয়টি যাতে বেতনবৈষম্য নিরসন-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে আলোচনা হয়, সে জন্য বলেছেন। তাই তাঁরা আজ বৃহস্পতিবার থেকে কর্মসূচি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন।
পূর্বঘোষণা অনুযায়ী ৪ অক্টোবর থেকে আজ পর্যন্ত চার ঘণ্টা করে এবং ১০ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতির কর্মসূচি ছিল।
এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বৈঠকের পর আন্দোলন থেকে সরে আসে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্র বলেছে, শিক্ষকেরা আন্দোলন প্রত্যাহার না করলে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে শিক্ষক নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে।