সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পাঁচটি পদ শূন্য
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ছয়টি পদের মধ্যে পাঁচটিই বর্তমানে শূন্য রয়েছে। এতে উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, মাত্র একজন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীর্ঘদিন ধরে ছয়জনের দায়িত্ব পালন করছেন। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আরিফুর রহমান গত নভেম্বরে চাকরি ছেড়ে দেন। এরপর থেকে ওই পদটি শূন্য রয়েছে। এ ছাড়া গত বছরের এপ্রিলে জামালপুর সদরে বদলি হয়ে যান সহকারী শিক্ষা কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক। এরপর ওই পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান ২০১০ সালের ২৪ এপ্রিল অবসর নেন। একই বছরের ৬ মে অবসরে যান অপর সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আউয়াল। ওই দুটি পদ পূরণ করা হয়নি। এ ছাড়া সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পদের অপর দুই কর্মকর্তা আফজালুর রহমান ও ফারজানা বেগম ২০০৭ সালের ৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পাড়ি দেন।উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক বলেন, একা তাঁর পক্ষে উপজেলার সব বিদ্যালয় পরিদর্শনসহ অন্যান্য কাজকর্ম করা অসম্ভব হয়ে পড়েছে। বাউসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাঈল হোসেন বলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশে শিক্ষকদের দিয়েই উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজ করানো হচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহামঞ্চদ আবদুল হাই বলেন, সরিষাবাড়ী উপজেলার ৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ১২৪টি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্ব পালনের জন্য একজন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অধীনে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ছয়টি পদ রয়েছে। প্রাথমিক বিদ্যালয়গুলো তদারকের দায়িত্ব পালন করার কথা পাঁচ সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার। কিন্তু পাঁচটি পদ শূন্য থাকায় বিদ্যালয় পরিদর্শন সম্ভব হচ্ছে না। আবদুল হাই বলেন, উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রম ভেঙে পড়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কয়েকবার জানানো হলেও কোনো সুরাহা হয়নি। বিদ্যালয়ে পাঠদান না করে উপজেলা শিক্ষা কার্যালয়ের দাপ্তরিক কাজকর্মে বর্তমানে সহায়তা করছেন পুঠিয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. খলিলুর রহমান। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে জানানো হয়েছে।