সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হত্যার আসামি গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হত্যা মামলার অন্যতম আসামি সিদ্দিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গত মঙ্গলবার রাতে বালিয়াডাঙ্গী উপজেলার দোগাছি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সিদ্দিকুল সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ওয়ার্ড যুবদলের সদস্য।
৫ জানুয়ারি ভোটের আগের রাতে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মোলানী ছেপড়িকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বিএনপি-জামায়াতের কর্মীরা হামলা চালিয়ে জোবায়দুল হককে হত্যা এবং নির্বাচন কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীদের মারধর করেন।
ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) হাসান ইনাম জানান, গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক রওশন আরা খাতুনের নেতৃত্বে একটি দল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে বালিয়াডাঙ্গী উপজেলার দোগাছি গ্রামের একটি ফসলের মাঠ থেকে সিদ্দিকুল ইসলামকে গ্রেপ্তার করে।
পুলিশ সুপার ফয়সল মাহমুদ জানান, এ মামলায় সিদ্দিকুল ইসলামসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া নির্বাচনী সহিংসতা মামলায় পুলিশ আরও চারজনকে গ্রেপ্তার করেছে।
ঠাকুরগাঁও জেলা যুবদলের আহ্বায়ক চৌধুরী মাহেবুল্লাহ আবুনূর বলেন, সিদ্দিকুল ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ওয়ার্ড যুবদলের সদস্য।