সহকারী বিচারককে অপসারণের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় এক সহকারী বিচারককে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল শনিবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সভাপতিত্বে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট রেফারেন্স সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। খবর বাসসের।বরিশালের ওই সহকারী বিচারকের নাম ইলিয়াস রহমান। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি বাগেরহাটে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকাকালে ২০১০ সালের ১৬ আগস্ট অপর এক সহকর্মী বিচারকের বাসার শয়নকক্ষে গোপনে ক্যামেরা স্থাপন করেন ছবি ধারণের জন্য। বিষয়টি ওই সময় বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়।বিষয়টি নিয়ে গত বছরের ১৮ আগস্ট একজন জ্যেষ্ঠ নারী বিচারকের নেতৃত্বে আটজন বিচারক অভিযুক্ত ম্যাজিস্ট্রেটকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় জিজ্ঞাসাবাদকালে অভিযুক্ত ইলিয়াস হোসেন স্বীকার করেন, ‘অ্যাডভেঞ্চার মুভি’ দেখে উদ্বুদ্ধ হয়ে তিনি এরূপ হীন ও নীতিবহির্ভূত অপরাধ করেছেন।পরে বাগেরহাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গত বছরের ২২ আগস্ট সহকারী বিচারক ইলিয়াস রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনেন। পরে সুপ্রিম কোর্টের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন কমিটিতে বিষয়টি উত্থাপিত হলে ফুলকোর্ট সভায় এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। গতকাল সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় ইলিয়াস রহমানকে অপসারণের সিদ্ধান্ত হয়।এ ছাড়া সভায় বিচারব্যবস্থাকে যুগোপযোগী করতে হাইকোর্ট রুলস সংশোধনীর উদ্যোগ নেওয়া হয় এবং রুলসের সংশোধনীর খসড়ার বিষয়ে আলোচনা হয়। ফুলকোর্টের পরবর্তী বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে বৈঠক সূত্র জানায়।