চট্টগ্রামের কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (কেজিডিসিএল) সহকারী ব্যবস্থাপক (অর্থ ও হিসাব) পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষা শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। অভিযোগ রয়েছে, প্রার্থীদের আড়ালে রেখেই গত আগস্ট মাসে নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছে। কিন্তু কারা এবং কতজন নিয়োগ পেয়েছেন, তা নিয়ে রহস্যজনক আচরণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বিষয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক।
অনুসন্ধানে জানা গেছে, ২০১০ সালের জুলাই ও ডিসেম্বর মাসে জাতীয় ও স্থানীয় দৈনিকে সহকারী ব্যবস্থাপক (অর্থ ও হিসাব) পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি ছাপা হয়। এতে প্রার্থীদের যোগ্যতা চাওয়া হয় বাণিজ্য বিভাগে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তরসহ সম্মানে দ্বিতীয় শ্রেণী/সিএ, অথবা আইসিএমএ (ইন্টারমিডিয়েট)/এমবিএ অথবা বাণিজ্যিক বিষয়ে চার বছর মেয়াদি ডিগ্রিতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক সম্মান ডিগ্রি। এ ছাড়া মুক্তিযোদ্ধা ও উপজাতীয় কোটাও ছিল এ পদের বিপরীতে। ২০১১ সালে সহকারী ব্যবস্থাপক পদে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষা হয়েছে। কিন্তু এরপর মৌখিক পরীক্ষার ফলাফল এবং সার্বিকভাবে নির্বাচিতদের কোনো তালিকা পত্রপত্রিকায় প্রকাশ করা হয়নি। ২০১১ সালের ২২ এপ্রিল অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় সারা দেশ থেকে আবেদনকারী প্রায় এক হাজার প্রার্থী অংশ নেন। এঁদের মধ্য থেকে উত্তীর্ণ প্রায় ২০০ জনের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় একই বছরের ৮ অক্টোবর। কেজিডিসিএলের মহাব্যবস্থাপক চৌধুরী আহসান হাবীব দুই ধরনের বক্তব্য দেন। প্রথমে তিনি বলেন, ‘আমরা নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী এবং অ্যাডহক ভিত্তিতে নিয়োজিতদের মধ্য থেকে সমন্বয় করে দু- তিনজনকে নিয়োগ দিয়েছি। তাঁদের কাছে সরাসরি নিয়োগপত্র পাঠানো হয়েছে। এর বেশি পদ খালি নেই আমাদের এখানে।’ নিয়োগকৃত প্রার্থীদের সঠিক সংখ্যা সম্পর্কে ৮ সেপ্টেম্বর জানতে চাইলে বলেন, ‘আপনি আগামীকাল যোগাযোগ করেন। এ-সংক্রান্ত ফাইলপত্র তদারককারী কর্মকর্তা আজ আসেননি। তিনি এলে সঠিক সংখ্যা জানাতে পারব।’ পরদিন আবার যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা দুজনকে নিয়োগপত্র পাঠিয়েছিলাম। কিন্তু তাঁরা কেউ যোগ না দেওয়ায় বাছাই করা তালিকা থেকে আরও দুজনকে নিয়োগের প্রক্রিয়া চলছে।’ নিয়োগ প্রক্রিয়া শেষ করতে দুই বছর গড়িয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, কিছু সমস্যা ছিল। কী ধরনের সমস্যা, এ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অ্যাডহক থেকে লোক নিয়োগজনিত।
ব্যবস্থাপনা পরিচালক জামিল এ আলীম বলেন, ‘আমরা যোগ্যতা অনুযায়ী চার-পাঁচজন প্রার্থীকে নিয়োগ দিয়েছি। অ্যাডহক থেকে যাঁরা লিখিত ও মৌখিক পরীক্ষায় যোগ্য বিবেচিত হয়েছে, তারাও নিয়োগ পেয়েছেন।’ তিনিও নিয়োগ পাওয়া প্রার্থীর সঠিক সংখ্যা জানাতে পারেননি। এ ছাড়া এ বিষয়ে কেজিডিসিএলের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে কেউ-ই কোনো তথ্য জানাতে অথবা মন্তব্য করতে রাজি হননি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, ‘আমরা এ বিষয়ে বলতে পারব না। জিএম (প্রশাসন) সাহেব বলতে পারবেন।’
প্রার্থীদের অভিযোগ, সারা দেশ থেকে অনেকেই নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছেন। কিন্তু কোনো পত্রিকা অথবা কেজিডিসিএলের ওয়েবসাইটের মাধ্যমে তা জানানো হয়নি। ফলে দীর্ঘদিন অপেক্ষায় থেকে তাঁরা হতাশ হয়েছেন। এমনকি এ বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকেও তাঁরা কোনো সদুত্তর পাননি। এস এম জাহিদুর রহমান নামের একজন প্রার্থীর অভিযোগ, ‘সব ধরনের যোগ্যতা থেকেও যোগ্য বিবেচিত হলাম না। দুই বছর ধরে অপেক্ষা করছি নিয়োগ পরীক্ষার ফলাফলের জন্য। আমি এবং আমার বাবা বেশ কয়েকবার জিএম সাহেবের মুঠোফোনে যোগাযোগ করেও সাড়া পাইনি। অবশেষে গত আগস্ট মাসে জিএমের পিএস ফোন ধরে বলেছেন, নিয়োগ হয়ে গেছে। এর বেশি কিছু বলা যাবে না।’ জাহিদুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের প্রশ্ন, নিয়োগের ফলাফল নিয়ে এত লুকোচুরি কেন। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আমি একজন মুক্তিযোদ্ধারও সন্তান। তাহলে সেই কোটায় কারা চাকরি পেলেন?’