গাজীপুরের সহকারী ভূমি কর্মকর্তা মো. বাবলু মিয়াকে ভূমি উন্নয়ন করের টাকা আত্মসাতের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার জেলা প্রশাসক তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা ও তাঁকে সাময়িক বরখাস্ত করেন। জেলা প্রশাসন সূত্র জানায়, গাজীপুর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নে সহকারী ভূমি কর্মকর্তা হিসেবে ২০১১ সালে দায়িত্বে থাকা মো. বাবলু মিয়া দুই লাখ ৪৮ হাজার আট টাকা আত্মসাৎ করেন। তিনি ওই বছরের জুন মাস পর্যন্ত কাশিমপুর ভূমি কার্যালয়ের অধীন এক কোটি ২৩ লাখ ৮১ হাজার ৩৭১ টাকার পাঁচটি চালানের পরিবর্তে আদায় দেখান এক কোটি ২০ লাখ ৯৮ হাজার ৩৬৩ টাকা। বাকি টাকা সরকারি কোষাগারে জমা হওয়া না-হওয়ার এ বিষয়ে তদারকির দায়িত্বে ছিলেন গাজীপুরের কানুনগো মো. হাবিবুর রহমান। এই কানুনগোর সহযোগিতায়ই টাকা আত্মসাৎ করেন বাবলু মিয়া। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে বৃহস্পতিবার বিভাগীয় মামলা হয়। সেই সঙ্গে তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্তও করা হয়। তিনি বর্তমানে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শাহ্বাজপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে কর্মরত। তবে বাবলু মিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও গাজীপুরের ভূমি অফিসগুলো নিয়মিত পরিদর্শনের দায়িত্বে থাকা কানুনগো হাবিবুর রহমানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ ব্যাপারে কথা বলতে হাবিবুর রহমানের মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায়। জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম তাঁর লিখিত পত্রে জানান, ওই কর্মকর্তা (বাবলু মিয়া) সরকারি অর্থ আত্মসাৎ করায় জনস্বার্থে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।