সহকারী যখন চালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসচালকের অনুপস্থিতিতে চালকের সহকারী (হেলপার) গাড়ি চালাচ্ছিলেন। কিন্তু ওই ‘চালক’-এর অদক্ষতার কারণে বাসটির সঙ্গে অপর একটি চালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার মির্জাপুর রাজাপুর এলাকায় গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। এতে উভয় গাড়ির চালক গুরুতর আহত হন।
আহত চালকেরা হলেন উপজেলার মির্জাপুর গ্রামের বাসচালক মো. রাসেল (২২) ও উপজেলার শালফা গ্রামের ট্রাকচালক আবুল কালাম (৩৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, হক এন্টারপ্রাইজ নামে ওই যাত্রীবাহী বাসটি উপজেলার ছোনকা বাজারে বাসের সব যাত্রী নামিয়ে দিয়ে ঘুরে মির্জাপুর বাজারে যাচ্ছিল। আর চালবোঝাই ট্রাকটি নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ বাজারে যাচ্ছিল৷ পথে ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷ এতে মহাসড়কের উভয় পাশে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে৷ ফলে যানজটের সৃষ্টি হয়। এতে আটকেপড়া শতাধিক যানবাহনের যাত্রীকে চরম দুর্ভোগে পড়তে হয়। খবর পেয়ে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে গাড়ি দুটি মহাসড়কের মাঝখান থেকে সরিয়ে নেন৷ পরে যান চলাচল স্বাভাবিক হয়।
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজু কামাল প্রথম আলোকে জানান, অদক্ষ বাসচালকের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর ওই বাস ও ট্রাক জব্দ করা হয়েছে।