সহকারী রেজিস্ট্রারকে পেটাল ছাত্রলীগ
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে অ্যাডহক ভিত্তিতে চাকরি প্রত্যাশী—এমন কয়েকজন ছাত্রলীগ নেতা-কর্মীদের হাতে একজন সহকারী রেজিস্ট্রারের প্রহূত হওয়ার ঘটনা ঘটেছে। তাঁকে পিটিয়েও ক্ষান্ত না হয়ে পরে ওই নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে আধা ঘণ্টা অবরোধ করে রাখেন। গতকাল বৃহস্পতিবার এই কাণ্ড ঘটান তাঁরা।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার কয়েকজন চাকরি প্রত্যাশী নেতা-কর্মী স্টোর শাখার সহকারী রেজিস্ট্রার মো. মোর্শেদের সঙ্গে প্রশাসন ভবনে দেখা করতে যান। এ সময় চাকরির আশ্বাস পাওয়া নিয়ে সহকারী রেজিস্ট্রারের সঙ্গে ওই নেতা-কর্মীদের বাদানুবাদ হয়। এরই একপর্যায়ে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নেতা আশিকুর রহমান ও মাহমুদ হাসান লেলিন উত্তেজিত হয়ে সহকারী রেজিস্ট্রারকে মারধর শুরু করেন। পরে উপস্থিত শিক্ষকদের হস্তক্ষেপে সে সময়ের জন্য শান্ত হন তাঁরা। পরে দুপুর আড়াইটার দিকে ওই নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবরোধ সৃষ্টি করেন। আধা ঘণ্টা পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে চাকরি দেওয়ার আশ্বাসে তাঁরা তালা খুলে অবরোধ তুলে নেন।
এ বিষয়ে মো. মোর্শেদ বলেন, ‘আমার সঙ্গে কথা বলতে এসে কোনো কারণ ছাড়াই তারা আমার ওপর চড়াও হয়।’
ওই ঘটনার ব্যাপারে আশিকুর রহমান ও মাহমুদ হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়।
প্রক্টর জাহাঙ্গীর হোসেন বলেন, ‘মারধরের বিষয়টি আমি শুনেছি। আর চাকরি প্রত্যাশীরা চাকরির দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলালেও পরে তারা তালা খুলে দেয়।’
উপাচার্য আবদুল হাকিম সরকার বলেন, অ্যাডহক ভিত্তিতে কোনো নিয়োগ দেওয়া হবে না। ইতিমধ্যে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। চাকরির ব্যাপারে মুক্তিযোদ্ধা কোটার শিক্ষার্থীরা যে দাবি জানিয়েছেন, তা বিবেচনা করা হবে বলেও তিনি জানান।