বরিশাল বিশ্ববিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার রেজিস্ট্রারের কক্ষে হামলা চালিয়ে সহকারী রেজিস্ট্রারসহ চার কর্মকর্তাকে মারধর করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ১৩ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘ছাত্রদল-ছাত্রশিবির’ আখ্যায়িত করে প্রচার চালানোর অভিযোগে তাঁদের ওপর ওই হামলা হয়েছে বলে জানা গেছে৷
ওই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক কক্ষে তালা ঝুলিয়ে কর্মবিরতি পালন করে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে তাঁরা ঘোষণা দিয়েছেন৷
শিক্ষার্থীরা জানান, ১৩ দফা দাবি আদায়ে গত বুধবার সারা দিন উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন সাধারণ শিক্ষার্থীরা। এ ঘটনার পর জরুির সিন্ডিকেট সভা বসে। গভীর রাতে শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার লিখিত প্রতিশ্রুতি দেন উপাচার্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর সোয়া ১২টার দিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে দুই শতাধিক শিক্ষার্থী একটি মিছিল নিয়ে রেজিস্ট্রারের কক্ষে হামলা চালান। তঁারা সহকারী রেজিস্ট্রারকে মারধর করেন। হামলার শিকার হন সেকশন কর্মকর্তা নুসরত সুলতানা, তামান্না শারমিন, সানজিদা খানমও। তা ছাড়া ওই কক্ষে থাকা চার-পাঁচটি কম্পিউটার, একটি ফটোকপি মেশিনসহ অন্যান্য আসবাবপত্রও ভাঙচুর করা হয়। আহত সহকারী রেজিস্ট্রারকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিশ্বিবদ্যালয়ের উপাচার্য ড. হারুনর রশীদ খান বলেন, রেজিস্ট্রারের কক্ষে হামলা ও সহকারী রেজিস্ট্রারকে মারধরের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।