সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে প্রশ্নপত্র ফাঁস হওয়ায় প্রাক্-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। প্রাক্-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগপ্রার্থীদের ব্যানারে গতকাল সোমবার এ কর্মসূচি পালন করা হয়।
ওই শিক্ষক নিয়োগ পরীক্ষায় শেরপুরের পাঁচটি উপজেলার ১০ হাজার ৯৭ জন প্রার্থী অংশ নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই প্রার্থীরা সকালে এক ঘণ্টা শহরের নিউমার্কেট মোড়ে মানববন্ধন করেন। এ সময় শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গোলাম মোহাম্মদ কিবরিয়া, জেলা মহিলা পরিষদের সভানেত্রী জয়শ্রী দাস ও শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ নিয়োগপ্রার্থীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন। পরে নিয়োগপ্রার্থীদের একটি দল প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বরাবর লিখিত পরীক্ষা বাতিলের আবেদনসংবলিত একটি স্মারকলিপি শেরপুরের জেলা প্রশাসকের কাছে দেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ৮ নভেম্বর অনুষ্ঠিত প্রাক্-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র কয়েক দিন আগেই ফাঁস হয়ে যায়। ওই প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ায় শেরপুরের সাধারণ চাকরিপ্রার্থীরা চরম হতাশ ও ক্ষতিগ্রস্ত হয়েছেন। জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন বলেন, পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য এটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।