পরীক্ষা শেষ হওয়ার সাড়ে চার মাস পর গতকাল শুক্রবার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে এক হাজার ৯৩৭ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে (www.dshe.gov.bd) ফল পাওয়া যাচ্ছে। মাউশির মহাপরিচালক নোমান উর রশীদ প্রথম আলোকে এ তথ্য জানিয়ে বলেন, আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে নির্বাচিত প্রার্থীদের পদায়ন করা হবে।অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতীয় পালার জন্য গত বছর এক হাজার ৯৬৮ জন সহকারী শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয় সরকার। এ জন্য গত বছরের ৯ জুলাই লিখিত পরীক্ষা হওয়ার কথা থাকলেও আগের দিন রংপুরে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পরীক্ষা স্থগিত করা হয়। দীর্ঘদিন পর চলতি বছরের ৭ জানুয়ারি লিখিত পরীক্ষা হয়। ৩০ জানুয়ারি এর ফল প্রকাশ করা হয়। এরপর ২০ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। কিন্তু দীর্ঘদিনেও ফল প্রকাশ করা হচ্ছিল না।