সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পাচ্ছেন ১০ জন দৃষ্টিপ্রতিবন্ধী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ১০ জন দৃষ্টিপ্রতিবন্ধী উত্তীর্ণ হয়েছেন। তাঁরা এখন কাজে যোগ দেওয়ার অপেক্ষায় আছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশের ইতিহাসে এবারই প্রথম একসঙ্গে এতজন দৃষ্টিপ্রতিবন্ধী এ ধরনের পরীক্ষায় উত্তীর্ণ হলেন।দৃষ্টিপ্রতিবন্ধী ১০ প্রার্থী দৃষ্টিসম্পন্নদের জন্য নির্ধারিত প্রশ্নপত্র, নির্ধারিত সময় ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করেই এ পর্যায়ে পৌঁছেছেন। তবে তাঁরা এখন দৃষ্টিপ্রতিবন্ধীদের উপযোগী ব্রেইল বইয়ের অভাব বোধ করছেন। কেননা ব্রেইল বই ছাড়া শ্রেণীকক্ষে পড়ানো কঠিন হবে। ব্যক্তিগতভাবে এই ব্রেইল বই সংগ্রহ করা অনেক খরচের ব্যাপার। তাই সরকারকে এই দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক আবুল কালাম আজাদ পাটোয়ারী ওই বিষয়ের শিক্ষক হিসেবে উত্তীর্ণ হয়েছেন। চাকরির বাজারে এটি তাঁর প্রথম অভিজ্ঞতা। পরীক্ষায় বসার অভিজ্ঞতাটা খুব একটা ভালো হয়নি আবুল কালামের। প্রথম আলোকে তিনি বলেন, ‘শ্রুতিলেখক নিয়ে পরীক্ষা দিতে গেলে কেন্দ্রে শিক্ষকেরা বসতেই দিলেন না। আমাকে একজন পিয়নের তত্ত্বাবধানে অফিসরুমে বসতে দেওয়া হলো। পুরো পরীক্ষার সময়টুকুতে কেউ খোঁজ নেননি।’আবুল কালামের শ্রুতিলেখক পরীক্ষার উত্তরপত্রের সেটকোড লিখতে ভুল করেন। তিনি তা জানতে পারেন একেবারে শেষ পর্যায়ে। এমনিতেই সিট বদল করতে পাঁচ মিনিট সময় নষ্ট হয়, আবার সেটকোড সংশোধনের জন্য ঝামেলায় পড়তে হয়। তবে এত কিছুর পরও নিয়োগ পাওয়াটাকে ‘অনেক বড় ব্যাপার’ মনে করছেন আবুল কালাম আজাদ পাটোয়ারী।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে এমএ করা শাহাদাত হোসেনের অভিজ্ঞতাও খুব একটা ভালো নয়। শাহাদাত বলেন, ‘উপস্থিত শিক্ষকেরা বলাবলি করছিলেন, এখানে তো দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য কোনো কোটা নেই। তবে এসে যখন পড়েছে, আমরা আমাদের দায়িত্ব শেষ করে দিই। এ ধরনের কথা শুনে মনটা খারাপ হয়ে যায়।’তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগ থেকে এমএ করা নিজাম উদ্দিন বলেন, ‘প্রতিবন্ধীদের প্রতি সমাজের আচরণ অনেক ইতিবাচক হয়েছে। আমি কানে কম শুনি, আমার সাক্ষাৎকারের সময় শিক্ষকেরা প্রতিটি প্রশ্ন বারবার করে বলে দিচ্ছিলেন, যাতে আমার কোনো সমস্যা না হয়।’দৃষ্টিপ্রতিবন্ধী আজমল হোসেন, সৈয়দ মোশাররফ হোসেন চৌধুরী, তায়েবুর রহমান, রফিকুল ইসলামও শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। কর্মস্থলে গিয়ে যাতে ভালোভাবে কাজ করতে পারেন, সে ধরনের পরিবেশ চান তাঁরা। এ শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ৭ জানুয়ারি। ২৭২ জন প্রতিবন্ধীকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছিল।