সহকারী শিক্ষা কর্মকর্তার ৫৭ পদের মধ্যে ৩১টিই শূন্য! প্রাথমিক শিক্ষার বেহাল চিত্র
নোয়াখালীর সেনবাগ উপজেলার ১১৩টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের জন্য সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাত্র একজন। এতে বিদ্যালয়গুলো তদারকির ক্ষেত্রে বেহাল অবস্থা বিরাজ করছে। ফলে মানসমঞ্চত প্রাথমিক শিক্ষাও অনিশ্চিত হয়ে পড়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, শুধু সেনবাগ উপজেলায়ই নয়, জেলার নয়টি উপজেলার মধ্যে ছয়টি উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অর্ধেকের বেশি পদ শূন্য। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এক হাজার ১৮০টি সরকারি, বেসরকারি ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের জন্য ৫৭ জন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা থাকার কথা। কিন্তু বর্তমানে কর্মরত আছেন মাত্র ২৬ জন। বাকি ৩১টি পদই শূন্য।এর মধ্যে সদর উপজেলায় ১৩টি পদের মধ্যে কর্মরত আছেন পাঁচজন, বেগমগঞ্জে ১৫টি পদের মধ্যে পাঁচজন, চাটখিলে ছয়টি পদের মধ্যে তিনজন, সেনবাগে পাঁচজনের মধ্যে একজন, কোম্পানীগঞ্জে চারজনের মধ্যে দুজন, হাতিয়ায় আটজনের মধ্যে কর্মরত আছেন চারজন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আফছার এ প্রসঙ্গে বলেন, তাঁর উপজেলায় সরকারী ৭৯টি, বেসরকারি রেজিস্টার্ড ৩৩টি ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় একটি। এসব বিদ্যালয় পরিদর্শনের জন্য পাঁচজন সহকারী শিক্ষা কর্মকর্তার মধ্যে বেশ কিছুদিন দুজন কর্মরত ছিলেন। কিন্তু ১৯ সেপ্টেম্বর একজনকে অন্যত্র বদলি করার কারণে এখন আছেন মাত্র একজন। নুরুল আফছার বলেন, একজন সহকারী শিক্ষা কর্মকর্তার মাসে ১০টি বিদ্যালয় পরিদর্শনের নির্দেশনা রয়েছে। কিন্তু একসঙ্গে চারজন কর্মকর্তার পদ শূন্য হওয়ায় বিদ্যালয়গুলো নিয়মিত পরিদর্শনও ব্যাহত হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলেও অদ্যাবধি কোনো ফল পাওয়া যায়নি।জানতে চাইলে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এডিপিইও) মো. কবির উদ্দিন প্রথম আলোকে বলেন, উপজেলা পর্যায়ে সহকারী শিক্ষা কর্মকর্তার অনেক পদ শূন্য থাকায় যাঁরা দায়িত্বে আছেন, তাঁদেরই সব দেখতে হয়। এ ক্ষেত্রে সব বিদ্যালয় নিয়মিত পরিদর্শন ও শিক্ষার মান নিশ্চিত করা অত্যন্ত দুরূহ।কবির উদ্দিন আরও বলেন, পদের শূন্যতার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতি মাসেই অবহিত করা হয়। এ ক্ষেত্রে নতুন নিয়োগ সম্পন্ন না হওয়া পর্যন্ত পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা কম।