মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা নদীতে ট্রলারডুবিতে মো. সুমন (২৫) নামের এক ব্যক্তির লাশ গত শনিবার সকালে উদ্ধার করা হয়েছে। সুমন ‘দ্য প্রটিং ম্যান’ নামের একটি চলচ্চিত্রের সহকারী শিল্পনির্দেশক। বাড়ি ঢাকার মিরপুরের ১১ নম্বর সেকশনে।ওই চলচ্চিত্রের পরিচালক জুবায়ের বাবু প্রথম আলোকে বলেন, ‘আমাদের শিল্পনির্দেশকের বাড়ি মাওয়ায়। তাঁর অনুরোধে আমরা পদ্মা নদীর তীরে শুটিং স্পট খুঁজতে সুমনসহ সাতজনের একটি দল পাঠাই। তারা বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মাওয়া থেকে একটি ট্রলার নিয়ে লৌহজংয়ের দিকে একটি চর শনাক্ত করে ফিরছিল। তাদের ট্রলারটি মাওয়ায় একদম তীরের কাছে চলে আসছিল। এমন সময় একটি বালুবোঝাই বলগেটের সঙ্গে ধাক্কা লেগে তাদের ট্রলার ডুবে যায়। ট্রলারের ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও সুমন নিখোঁজ হয়।’লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মিয়া বলেন, দুদিন খোঁজাখুঁজির পর শনিবার সকাল ১০টার দিকে সুমনের লাশ ভেসে ওঠে। পরে তা পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। শনিবার বিকেলে মিরপুরের কবরস্থানে সুমনকে দাফন করা হয়।