সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন ১৫৬ জন
বিভিন্ন মন্ত্রণালয়ের নন-ক্যাডারভুক্ত ১৫৬ জন প্রশাসনিক কর্মকর্তা (এও) ও ব্যক্তিগত কর্মকর্তাকে (পিও) পদোন্নতি দিয়ে সহকারী সচিব করা হয়েছে। এ বিষয়ে গত বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।এর আগে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানো হলে তিনি এ বিষয়ে অনুমোদন দেন।জানতে চাইলে জনপ্রশাসনসচিব আবদুস সোবহান সিকদার প্রথম আলোকে বলেন, মামলা-মোকদ্দমার কারণে পদ শূন্য থাকা সত্ত্বেও এসব কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া যাচ্ছিল না। এখন বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।ইকবাল মাহমুদ এডিবির বিকল্প নির্বাহী পরিচালক: অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ইকবাল মাহমুদকে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বিকল্প নির্বাহী পরিচালক করা হয়েছে। নতুন পদে যোগ দেওয়ার সুবিধার্থে তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়। ইকবাল মাহমুদ প্রথম আলোকে জানান, আগামী ডিসেম্বরে তিনি নতুন পদে যোগ দেবেন।