সহকারীকে হত্যা, চালককে অজ্ঞান, গমের ট্রাক ছিনতাই
ঢাকা থেকে ৩০০ বস্তা গম নিয়ে পঞ্চগড় যাওয়ার পথে গত শুক্রবার গভীর রাতে বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়কে ছিনতাই হয়েছে। একদল ডাকাত ট্রাকের সহকারীকে (হেলপার) হত্যা ও চালককে অজ্ঞান করে গমসহ ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। ট্রাকের সহকারীর নাম শাহিন (১৮)। তিনি পঞ্চগড় সদরের আহমঞ্চদপুর গ্রামের বাসিন্দা। পুলিশ গতকাল শনিবার তাঁর লাশ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।শাজাহানপুর থানার পুলিশ জানায়, ৩০০ বস্তা গম নিয়ে ট্রাকটি ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশে যাচ্ছিল। ট্রাকে সিরাজগঞ্জের হাটিকুমরুল সমবায় সমিতির তেলের পাম্প থেকে ছয়জন যাত্রী ওঠে। পথে বগুড়ার শাজাহানপুর এলাকায় পৌঁছালে চালক দেখেন, যাত্রীদের একজন ট্রাকটি চালিয়ে নিয়ে যাচ্ছে। রাত তিনটার দিকে বগুড়ার দ্বিতীয় বাইপাস দিয়ে যাওয়ার সময় মাদলায় চালক ও হেলপারকে ফেলে ট্রাক নিয়ে পালিয়ে যায় তারা। এ সময় স্থানীয় ইটভাটার শ্রমিকেরা দেখতে পেয়ে এগিয়ে আসেন। বিষয়টি শাজাহানপুর থানার পুলিশকে জানালে পুলিশ রাতেই সেখান থেকে সহকারীর হাত-পা বাঁধা লাশ এবং চালককে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। পরে ট্রাকের সহকারীর লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এবং চালক জিয়াউর রহমানকে (৩১) একই হাসপাতালে ভর্তি করা হয়। ইটভাটার শ্রমিক মফিজ মিয়া জানান, রাতের বেলা একটি ট্রাক থেকে কয়েকজন লোক দুজনকে ফেলে রেখে চলে যায়। পরে বিষয়টি অন্য শ্রমিকেরা জেনে যান। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দিন জানান, ট্রাকচালক এখন কিছুটা সুস্থ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ট্রাকচালকের বাড়ি পঞ্চগড় সদরে। এখনো তাঁর কথাবার্তায় অসংলগ্নতা রয়েছে। গমসহ ট্রাকের সন্ধান এখনো পাওয়া যায়নি।