সহকারীর হাতে বাসের স্টিয়ারিং, চৌগাছায় নিহত তিন, আহত ৪০
যশোরের চৌগাছায় গত সোমবার দিবাগত রাতে একটি যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন। চালকের পরিবর্তে তাঁর সহকারী বাসটি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহের কালীগঞ্জ ও শৈলকুপায় গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় আরও দুজন নিহত হন।চৌগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন উপজেলার ফতেপুর গ্রামের আবদুল জব্বার (৪০), দশপাখিয়া গ্রামের আলতাফ সরদার (৬০) ও সিংহঝুলি গ্রামের আশরাফুল (২০)। আহত ব্যক্তিদের যশোর ২৫০ শয্যার সদর হাসপাতাল, চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাতে ফরিদপুরের আটরশি পীরের মাজার থেকে একটি বাস শতাধিক যাত্রী নিয়ে চৌগাছা বাজারে ফিরছিল। রাত দুইটার দিকে কড়ইতলা এলাকায় পৌঁছালে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে আলতাফ ও আশরাফুল এবং হাসপাতালে নেওয়ার পথে জব্বার মারা যান।ঝিনাইদহে নিহত ২: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুলালমুন্দিয়া এলাকায় গতকাল দুপুর ১২টায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় বিপুল বিশ্বাস (১৪) নামের নবম শ্রেণীর এক ছাত্র নিহত হয়। গতকাল বেলা দেড়টার দিকে শৈলকুপা উপজেলার বারইপাড়া এলাকার সড়কের গতিরোধকের ওপর দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের পেছনে বসে থাকা এক নারী আরোহী (২৬) ছিটকে সড়কে পড়ে মারা যান। তাঁর পরিচয় পাওয়া যায়নি।