সহজ কিস্তিতে অটোরিকশা বিক্রির কথা বলে প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে সহজ কিস্তিতে সিএনজিচালিত অটোরিকশা বিক্রির কথা বলে কয়েক লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছেন জিয়াং অটোজ নামে একটি প্রতিষ্ঠানের কথিত মালিক। অটোরিকশা গ্রহণের তারিখ গত ৮ সেপ্টেম্বর মৌলভীবাজার শহরের শমশেরনগর সড়কে অবস্থিত ওই প্রতিষ্ঠানের কার্যালয়ে এসে ক্রেতারা দেখে সেখানে তালা ঝুলছে।ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, জিয়াং অটোজ সহজ কিস্তিতে সিএনজিচালিত অটোরিকশা বিক্রির কথা বলে প্রচারণা চালায়। প্রতিষ্ঠানটি মৌলভীবাজার শহরের শমশেরনগর সড়কের শাহ ভিলার নিচতলায় তাদের বিক্রয় কার্যালয় খোলে। জামানত ছাড়া মাসিক কিস্তিতে টাকা পরিশোধ করে অটোরিকশার মালিক হওয়ার প্রচারণায় অনেকে আগ্রহী হয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তা এম নাহিদ খানের সঙ্গে যোগাযোগ করে। এরপর তাঁর কথামতো দুই দফায় ৭৫ হাজার ৫০০ টাকা পরিশোধ করে। গত ৮ সেপ্টেম্বর ছিল অটোরিকশা গ্রহণের তারিখ। কিন্তু ক্রেতারা এসে দেখে, কার্যালয়ে তালা ঝুলছে। দুপুরের পর থেকে তাঁর দুটো মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। সিলেটের বালাগঞ্জ উপজেলার মধুরাই গ্রামের ইয়াছিন আলী বলেন, ‘আমি আমার এক খালাতো ভাইয়ের মাধ্যমে সহজ কিস্তিতে অটোরিকশা বিক্রির খবরটি জানি। পরে সরাসরি যোগাযোগ করে দুই দফায় ৭৫ হাজার ৫০০ টাকা জমা দিই। আজ (৮ সেপ্টেম্বর) অটোরিকশা নেওয়ার জন্য এসে দেখি কার্যালয়ে তালা ঝুলছে।’ ইয়াছিন আলীর মতো টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছেন বালাগঞ্জ উপজেলার আদিত্যপুরের মো. আখতার হোসেন, মৌলভীবাজার সদর উপজেলার ফতেপুর গ্রামের ক্ষিতিশ দেব, কদুপুর গ্রামের জুনায়েদ ইসলাম, রাধানগরের জনি আহমদ, রাজনগর উপজেলার আব্দুল্লাপুরের সঞ্জয় দাস, কমলগঞ্জ উপজেলার রামেশ্বরপুরের নেছার মিয়াসহ নয়জন।কার্যালয়ের পিয়ন অসীম আচার্য বলেন, ‘আমার কাছে অফিসের যে চাবি ছিল, আজ এসে দেখি সে চাবিতে তালা খুলছে না। নতুন তালা লাগানো হয়েছে।’ ভবনের তত্ত্বাবধায়ক মারুফ মিয়া জানান, অগ্রিম ৩০ হাজার টাকা ও মাসে ১২ হাজার টাকা ভাড়ায় গত ৩১ জুলাই তাঁদের মধ্যে চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী নগদ ২০ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। এ ছাড়া দুই মাসের ভাড়া, অগ্রিম ১০ হাজার টাকাসহ ৩৪ হাজার টাকার প্রাইম ব্যাংকের একটি চেক দিলেও হিসাবে টাকা নেই। জিয়াং অটোজের মালিক পরিচয়দানকারী এম নাহিদ খানের জাতীয় পরিচয়পত্রে তাঁর ঠিকানা: শাহপুর মধ্যপাড়া, ডাকঘর মীর শাহপুর-৩৪৬০, কসবা পৌরসভা, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। পিতা মৃত জাহিদ খান। মৌলভীবাজার সদর মডেল থানার ওসি অমূল্য কুমার চৌধুরী বলেন, এই প্রতারণার ঘটনায় মামলা হয়েছে। প্রতারককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।