সহজ শর্তে ঋণ পাননি ১২ হাজার কৃষক
ব্যাংক কর্মকর্তাদের অসহযোগিতার কারণে বগুড়ার শেরপুর উপজেলার প্রায় ১২ হাজার কৃষক সরকারের ঘোষিত সহজ শর্তের ঋণসুবিধা পাননি বলে অভিযোগ পাওয়া গেছে।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সরকার বিশেষ কর্মসূচি হিসেবে উপজেলায় ডাল, তেল, মসলা ও ভুট্টা চাষে শতকরা দুই টাকা রেয়াতি সুদে ব্যাংক ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে। ঘোষণা অনুযায়ী এই ঋণ পাওয়ার যোগ্য উপজেলার কৃষকদের তালিকা গত বছরের নভেম্বর মাসে তৈরি করা হয়। মোট ১১ হাজার ৯০৫ জন কৃষক তালিকাভুক্ত হন। এঁদের মধ্যে ভুট্টা চাষে নয় হাজার ৮৭৬ জন, মসলা চাষে ৫৮১ জন ও সরিষা চাষে এক হাজার ৪৪৮ জন রয়েছেন। গত ২২ ডিসেম্বর এই তালিকা উপজেলার সংশ্লিষ্ট সোনালী, জনতা, অগ্রণী ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) শাখাগুলোতে পাঠানো হয়।জানা গেছে, এখন পর্যন্ত কোনো কৃষক ওই ঋণসুবিধা পাননি। বরং ঋণ চাইতে গিয়ে অনেকে নানাভাবে হয়রানির শিকার হয়েছেন। উপজেলার ভাদরা গ্রামের কৃষক রণজিৎ সরকার জানান, ভুট্টা চাষের জন্য তিনি মির্জাপুর ইউনিয়নের অগ্রণী ব্যাংক শাখায় গেলে ব্যাংকের ব্যবস্থাপক তাঁকে তাঁর বাবার নামে এই ঋণ দেবেন বলে আশ্বাস দেন। শেষ পর্যন্ত তিনি ছয়বার ব্যাংকের ব্যবস্থাপকের কাছে ধরনা দিয়ে ঋণ পেতে ব্যর্থ হয়েছেন। এরপর আর তিনি ব্যাংকে যাননি। তবে ওই ব্যাংক ব্যবস্থাপক গোলাম মোহাম্মদ আম্বীয়া জানান, রেয়াতি হারের এই ঋণ বিতরণের জন্য তাঁর কাছে বরাদ্দ রয়েছে মাত্র ৫০ হাজার টাকা। উপজেলার ভাটরা গ্রামের কৃষক জাহিদুল ইসলাম, নুরুল ইসলাম ও আবদুস সামাদ জানান, তাঁরা কৃষি ব্যাংকে ঋণের আবেদন করেন এখন পর্যন্ত পাননি। শুবলীর কৃষক আবু তালেব ও বিশালপুর ইউনিয়নের সন্তোষ সরকার জানান, ব্যাংক ঋণ না পাওয়ায় অনেক কৃষক সুদে টাকা নিয়ে ভুট্টা চাষ করেছেন। উপজেলার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপক ফজলুল বারী বলেন, ‘আমার ব্যাংকে এই ঋণের আওতায় দুই লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ রয়েছে। এখন পর্যন্ত কোনো কৃষক আমার কাছে ঋণের জন্য আসেনি।’ উপজেলা কৃষি কর্মকর্তা স ম আশরাফ আলী বলেন, ‘আমি বিষয়টি জেলা কর্মকর্তাকে অবহিত করেছি।’