সহজ শর্তে কৃষিঋণ, তামাক চাষ ছাড়ার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষক সরওয়ার আলম (৪৫)। টোব্যাকো কোম্পানির কাছ থেকে অগ্রিম টাকাসহ নানা সুযোগ-সুবিধা পাওয়ায় তামাকের চাষ করতেন। ইচ্ছে থাকলেও টাকার অভাবে ধান-সবজির চাষ করতে পারতেন না। এবার তিনি সবজি ও ধানের চাষের অঙ্গীকার করেছেন। কারণ, সহজ শর্তে তিনি ঋণ পেয়েছেন।

 সরওয়ার আলম বলেন, ‘টাকার অভাবে জমি লাগিয়ত নিয়ে ধান-সবজির চাষ করতে পারতাম না। হয়রানির ভয়ে ব্যাংক থেকে ঋণ নিতেও সাহস হতো না। তাই তামাক চাষ করতাম। এবার সহজ শর্তে ঋণ পেয়েছি। এখন আর তামাক চাষ করব না।’

গত বৃহস্পতিবার সকালে কক্সবাজারের চকরিয়া পৌর শহরের বিজয়মঞ্চে উপজেলা প্রশাসন আয়োজিত কৃষিঋণ মেলায় এসব কথা বলেন উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের কৃষক সরওয়ার আলম। মেলায় ১৮টি ইউনিয়ন ও এক পৌরসভার মোট ২৮৯ জন কৃষককে এক কোটি এক লাখ টাকা কৃষিঋণ বিতরণ করা হয়। প্রতিজনকে ১০ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত দেওয়া হয়। মেলায় মোট ২১টি ব্যাংক অংশ নেয়।

ইসলামী ব্যাংকের চকরিয়া শাখার ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বলেন, কৃষকদের মাত্র ৪ শতাংশ সুদে ঋণ দেওয়া হচ্ছে। কোনো ধরনের হয়রানি ও বন্ধক ছাড়াই এ ঋণ পাচ্ছেন কৃষকেরা।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষিঋণ মেলায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম সচিব অসীম কুমার চৌধুরী, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা আতিক উল্লাহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, পশ্চিম বড়ভেওলা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল ও উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেরিনারি সার্জন সুজন কানুনগো।