বাংলাদেশে ধোঁয়াবিহীন তামাকপণ্য হিসেবে মূলত জর্দা, গুল ও সাদাপাতা ব্যবহৃত হয়ে থাকে। আর বাজারে এসব পণ্য বিড়ি-সিগারেটের চেয়েও সহজলভ্য। আর নারীদের মধ্যে ধোঁয়াবিহীন তামাক গ্রহণের প্রবণতা বেশি।
আজ ৩১ মে মঙ্গলবার, বিশ্ব তামাকমুক্ত দিবস। ১৯৮৮ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বজুড়ে তামাকের ব্যবহার কমানোকে উৎসাহিত করার জন্য তামাকমুক্ত দিবস পালন করে আসছে। এ বছর তামাকমুক্ত দিবসের প্রতিপাদ্য হলো ‘সাদামাটা মোড়ক-তামাক নিয়ন্ত্রণে আগামী দিন’।
দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাণী দিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুনও। বাণীতে তিনি তামাকের ভয়াবহতার কথা উল্লেখ করে সাদামাটা মোড়ক ব্যবহারে প্রস্তুতি নেওয়ার জন্য সব দেশের প্রতি আহ্বান জানান।
গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে ২০০৯ অনুযায়ী, বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় ৪ কোটি ১৩ লাখ মানুষ তামাক সেবন করেন। ধূমপান করেন ৪৪.৭ শতাংশ পুরুষ ও ১.৫ শতাংশ নারী। অন্যদিকে ধোঁয়াবিহীন তামাক সেবন করেন ২৬.৪ শতাংশ পুরুষ ও ২৭.৯ শতাংশ নারী। এই জরিপে একই সঙ্গে ধূমপান ও ধোঁয়াবিহীন তামাক—দুটোই সেবন করেন, এমন নারী ও পুরুষও রয়েছেন। আর গ্লোবাল ইয়ুথ টোব্যাকো সার্ভে ২০১৩ অনুযায়ী, ২৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে ২৯.৪ শতাংশ পুরুষ ও ৩৩.৬ শতাংশ নারী ধোঁয়াবিহীন তামাক সেবন করেন।
রাজধানীর বিভিন্ন এলাকার বেশ কয়েকটি খুচরা বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, প্রায় ২০টি ব্র্যান্ডের জর্দা ও গুল বিক্রি হচ্ছে। এসব জর্দা ও গুলের মূল্য প্রতি কৌটা সর্বনিম্ন ২ টাকা থেকে সর্বোচ্চ ৯০ টাকা পর্যন্ত রয়েছে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশে ২০ শলাকার সাধারণ সিগারেটের গড় মূল্য ৩২.১ টাকা ও ২৫ শলাকার বিড়ির গড় মূল্য ৬.২ টাকা। ভালো ব্র্যান্ডের ২০ শলাকার সিগারেটের মূল্য ১৯০ টাকা।
রাজধানীর নন্দীপাড়া এলাকার খুচরা ব্যবসায়ী হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, ‘আমার দোকানে ১০-১২ পদের বিভিন্ন দামের জর্দা আছে। তবে ১৫ থেকে ১৮ টাকা দামের জর্দাই বেশি চলে। আর জর্দার ক্রেতাদের মধ্যে মহিলাই বেশি। আর পুরুষেরা বেশি কেনে গুল।’
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, তামাকপণ্যের ক্ষেত্রে কর-বৈষম্যের কারণে কমছে না ধোঁয়াবিহীন তামাকপণ্য সেবনকারীর হার। এ তামাকপণ্যের দাম ক্রয়ক্ষমতার বাইরে নিয়ে না গেলে দেশে তামাক সেবনকারীর হার কমবে না।