সহজে চাকরি পেতে কারিগরি শিক্ষায় নতুন কোর্স চালু হলো
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘দেশে-বিদেশে সহজে চাকরি পেতে দেশের কারিগরি শিক্ষায় মার্কেট রেসপনসিভ ট্রেড কোর্স নামের সম্পূর্ণ নতুন একটি কোর্স চালু হলো। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে এ কোর্স সম্ভাবনার নতুন এক দিগন্ত। বিশ্বের যেসব দেশে এ কোর্স চালু আছে, সেখানে দক্ষ জনশক্তি গড়ে উঠছে।’গতকাল শুক্রবার সন্ধ্যায় সিলেটসহ দেশের ১১ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন একটি কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে নতুন ওই কোর্সের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ সুশান্ত কুমার বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইকবাল খান চৌধুরী, যুগ্ম সচিব চৌধুরী মুফাদ আহমদ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজাহান মিয়া ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্র্রতিনিধি উডি ম্যান্ডেল।এমসি কলেজ ছাত্রাবাস অবিকল হবে: ওই অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘এমসি কলেজ ছাত্রাবাস শত বছরের ঐতিহ্য। আমি নিজে ওই ছাত্রাবাসের বাসিন্দা ছিলাম। দুষ্কৃতকারীরা আগুনে পুড়িয়ে দিয়ে ঐতিহ্য ধ্বংস করেছে। সেই ঐতিহ্য ফেরাতে আগের কাঠামোতেই অবিকল ছাত্রাবাস নির্মাণ করা হবে।’