বন্দী কখন কারাগার থেকে জামিনে বের হচ্ছে, কার সঙ্গে দেখা করছে, কতবার ধরা পড়েছে—এ সবকিছুই জানা যাবে তথ্যভান্ডার (ডেটাবেজ) থেকে। এতে থাকবে কারাবন্দীদের নাম-পরিচিতি, পেশা, সব আঙুলের ছাপ, দুই চোখের মণিসহ ২০০ ধরনের তথ্য।
গতকাল রোববার রাজধানীর উত্তরায় র্যা ব সদর দপ্তরে ‘র্যা ব-প্রিজন ইনমেট ডেটাবেজ’ নামের এই তথ্যভান্ডার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এ সময় জানানো হয়, দেশের ৬৮টি কারাগারে বন্দীদের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। এর মধ্যে ৪২টি কারাগারে প্রায় ৩০ হাজার বন্দীর তথ্য সার্ভারে যুক্ত করা হয়েছে। কারাগারে একজন বন্দী প্রবেশের পর বা বের হওয়ার পর সার্ভারে তার
তথ্য সংযুক্ত হওয়ার দুই মিনিটের মধ্যে র্যা বের ডিজি ও আইজি প্রিজনসের মুঠোফোনে বার্তা চলে যাবে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এটি একটি যুগান্তকারী ঘটনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন প্রক্রিয়ার একটি অংশ। এই ডেটাবেজ পর্যায়ক্রমে বিমানবন্দর ইমিগ্রেশন, পাসপোর্ট অধিদপ্তরের সঙ্গে যুক্ত হবে। তখন অপরাধীদের চিহ্নিত করা খুব সহজ হবে।
র্যা বের তত্ত্বাবধানে কারা কর্তৃপক্ষের সহায়তায় র্যা ব সদর দপ্তরের কমিউনিকেশন অ্যান্ড এমআইএস শাখা তথ্যভান্ডার তৈরির কাজ বাস্তবায়ন করছে। টাইগারস আইটি নামের একটি প্রতিষ্ঠান এতে কারিগরি সহায়তা দিচ্ছে।
কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি প্রিজনস) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, বিভিন্ন সময়ে আসামিরা অপরাধ করে ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে থাকে। এবার তা করা সম্ভব হবে না। অনেক সময় দেখা যায়, ছোট ভাই অপরাধ করছে, কিন্তু সে উপার্জনক্ষম হওয়ায় পরিবার নাম পরিবর্তন করে বড় ভাইকে জেলে পাঠানোর সিদ্ধান্ত নেয়। জাতীয় পরিচয়পত্র তথ্যভান্ডারে যুক্ত হওয়ায় এবার কেউ ভুয়া নাম ব্যবহার করতে পারবে না।
তথ্যভান্ডার তৈরির কাজ পাঁচ বছরের বেশি সময় ধরে চলছে জানিয়ে র্যা বের মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, ডেটাবেজটি ব্যবহার করে ভুয়া ও বিভিন্ন নাম দিয়ে আটক হওয়া জঙ্গিদের শনাক্ত করা যাবে। তাদের গতিবিধিও লক্ষ করা যাবে। এতে জাতীয় নিরাপত্তা আরও সুসংহত হবে।
পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাসুদ রেজওয়ানসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।