সহপাঠী অসুস্থ, তাই পরীক্ষা বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই সহপাঠী অসুস্থ থাকায় গতকাল রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের পরীক্ষা বর্জন করেছেন ওই বর্ষের বেশির ভাগ শিক্ষার্থী। এ ছাড়া উত্তেজিত শিক্ষার্থীরা এ সময় বিভাগের বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে দেন। অবশ্য পরে তালা ভেঙে পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষা বর্জনকারী শিক্ষার্থীরা জানান, গতকাল সকালে তাঁদের ১০৪ নম্বর কোর্সের পরীক্ষা ছিল। কিন্তু মো. ফরহাদ ও মিজানুর রহমান নামের দুই সহপাঠী অসুস্থ থাকায় তাঁরা ওই পরীক্ষা স্থগিত করার জন্য বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। তবে বিভাগের শিক্ষকেরা পরীক্ষা নেওয়ার বিষয়ে অনড় থাকলে তাঁরা বিভাগের কয়েকটি কক্ষে তালা ঝুলিয়ে দেন।বিভাগ সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ নাসিম হাসান ও পুলিশের উপস্থিতিতে কক্ষের তালা ভেঙে দুপুর ১২টায় ওই পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষায় নিয়মিত ৯৬ জন ও ১৬ জন অনিয়মিত (বিশেষ) পরীক্ষার্থী ছিলেন। তবে পরীক্ষায় অংশ নিয়েছেন মাত্র ৩০ জন। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সভাপতি জাহাঙ্গীর বিন সরওয়ার প্রথম আলোকে বলেন, ‘কেউ অসুস্থ হলে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধ করে বিভাগে তালা ঝুলিয়ে দেওয়ার বিষয়টি দুঃখজনক।’ প্রক্টর নাসিম হাসান বলেন, ‘আমরা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেছি। এ বিষয়ে বিভাগের একাডেমিক কমিটি সিদ্ধান্ত নেবে। পরবর্তী পরীক্ষাগুলো নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।’