নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এমদাদুল হক (১৯) নামে এক দাখিল পরীক্ষার্থী খুন হয়েছে। এ ঘটনায় নিহত পরীক্ষার্থীর বাবা আবুল মিয়া হীরণ (১৮) নামে এমদাদুলের এক সহপাঠীসহ চারজনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ ইতিমধ্যে হীরণ ও দুই নারীকে গ্রেপ্তার করেছে।পুলিশ জানায়, দলপা ইউনিয়নের রামনগর গ্রামের আবুল মিয়ার ছেলে ও রাজঘাট দাখিল মাদ্রাসার ছাত্র এমদাদুল হক এবারের দাখিল পরীক্ষায় এক বিষয়ের পরীক্ষার্থী ছিল। গত শনিবার বিকেলে সে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরদিন রোববার সকালে স্থানীয় লোকজন একটি বোরো খেতে তার লাশ দেখতে পায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।এ ঘটনায় নিহত ব্যক্তির বাবা আবুল মিয়া রোববার রাতে চারজনকে আসামি করে কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। প্রধান আসামি হীরণকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে প্রতিবেশী এক নারী এবং তাঁর মেয়েকেও গ্রেপ্তার করেছে পুলিশ। কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন জানান, প্রেমঘটিত কারণে এমদাদুল খুন হয়েছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। নিহত এমদাদুলের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়েছে।