সহপাঠী খুনের বিচারের দাবিতে মানববন্ধন
রংপুরের জাহেদা খাতুন গার্লস স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে হত্যার প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে ওই বিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী গতকাল মঙ্গলবার মানববন্ধন ও সমাবেশ করেছে।
শহরের কাচারী বাজারে জেলা প্রশাসক ভবন ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন জাহেদা খাতুন গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম, সমাজতান্ত্রিক মহিলা ফ্রন্টের মৌসুমী আক্তার প্রমুখ। মানববন্ধন ও সমাবেশ শেষে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের পক্ষ থেকে জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়।
শহরের দেওডোবা গ্রামে ২০ মার্চ রাতে আয়শা সিদ্দিকাকে (১৩) দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করে। নিহত ছাত্রীর মা স্বপ্না বেগম বলেন, ‘ঘটনার সময় আমি বাথরুমে ছিলাম। বাথরুম থেকে বের হওয়ার সময় দেখতে পাই মুখোশ পরা কয়েকজন যুবক মেয়ের ঘর থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। এরপর ঘরে গিয়ে দেখি বিছানার মধ্যে মেয়ে পড়ে আছে। এ সময় আমার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই আয়শা মারা যায়।’