সহপাঠী হত্যার দায়ে তিন কিশোরের জেল
সহপাঠী হত্যার দায়ে গতকাল বুধবার তিন কিশোরকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. গোলাম সরওয়ার। একই আদেশে আসামিদের এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডিত আসামিদের মধ্যে একজন পলাতক। আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, দণ্ডিত আসামিদের হাতে সহপাঠী শাহরিয়ার খন্দকার (১৩) খুন হয়। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ প্রমাণিত হয়। এই ধারায় অভিযোগ প্রমাণিত হলে সর্বনিম্ন যাবজ্জীবন ও সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হয়ে থাকে। কিন্তু আসামিরা কিশোর হওয়ায় আদালত লঘু সাজা অর্থাৎ ১০ বছরের কারাদণ্ড দেন বলে আদেশে বলা হয়। আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৯ সালের ৯ মে শাহরিয়ার খন্দকার স্কুলে যাচ্ছিল। এ সময় তিন সহপাঠী তাকে বেড়ানোর কথা বলে কাট্টলীর বেড়িবাঁধের কাছে নিয়ে যায়। সেখানে এমপি থ্রির জন্য তাকে গলা টিপে হত্যা করে লাশ সাগরে ফেলে দেয় তিন সহপাঠী। দুই দিন পর লাশটি সাগরের কূলে ভেসে আসে। হত্যাকান্ডের ২৭ দিন পর পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। তিনজনই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। ২০১০ সালের ৬ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২৩ জনের সাক্ষ্যের ভিত্তিতে আদালত সহপাঠী তিন কিশোরকে দোষী সাব্যস্ত করে সাজা দেন।