সহপাঠীদের উদ্যোগে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুলছাত্রী
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সহপাঠীদের উদ্যোগে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে এক স্কুলছাত্রী। সে উপজেলার বড়নাল ইউনিয়নের দুর্গম এলাকার একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। অভাবের কারণে মেয়েটির পরিবার তার বাল্যবিবাহ ঠিক করেছিল বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বি এম মশিউর রহমান জানান, গত শুক্রবার ওই কিশোরীর সহপাঠীদের কাছ থেকে তথ্য পেয়ে প্রশাসনের পক্ষ থেকে বিয়েবাড়িতে প্রথমে পুলিশ পাঠানো হয়। পুলিশ বিয়ে বন্ধ করে ফেরত আসার পরে আবারও বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করে কনেপক্ষ। পরে পলাশপুর জোনের বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ আহমেদকে বিষয়টি জানালে তিনি বিজিবি সদস্য পাঠিয়ে বিয়ে বন্ধ করেন। বিজিবি আসার খবর আঁচ করতে পেরে বরপক্ষ চলে যায়।
ওই কিশোরীর বাবা বলেন, দারিদ্র্যের কারণেই তিনি মেয়েকে বিদেশফেরত ছেলের কাছে বিয়ে দিতে চেয়েছিলেন।
ইউএনও মশিউর রহমান জানান, প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেওয়া হবে না এবং আবার তাকে স্কুলে পাঠানো হবে—এমন মুচলেকা কিশোরীর বাবার কাছ থেকে নেওয়া হয়েছে। মেয়েটির পড়াশোনার ব্যাপারে প্রশাসন নজর রাখবে বলে তার পরিবারকে জানানো হয়েছে।