সহপাঠীদের সহায়তায় রক্ষা পেল পরীক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মেয়েটি এসএসসি পরীক্ষা দিচ্ছে। এর মধ্যেই প্রবাসী পাত্র পেয়ে মা-বাবা তার বিয়ে ঠিক করেন। এতে পরীক্ষা বন্ধ হওয়ার শঙ্কায় মেয়েটির মন ভেঙে যায়। বিষয়টি সে তার দুই সহপাঠীকে জানায়। তাদের মাধ্যমে অবশেষে বিষয়টি জানতে পেরে একটি মানবাধিকার সংগঠন মেয়েটির অভিভাবকদের বুঝিয়ে এই বাল্যবিবাহ বন্ধ করে দেয়।
এ ঘটনা ঘটেছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নে। খোঁজ নিয়ে জানা গেছে, অভিভাবকেরা প্রবাসী এক তরুণের সঙ্গে ওই মেয়ের অমতে বিয়ে ঠিকঠাক করে ফেলেন। ১০ ফেব্রুয়ারি বিয়ের দিনক্ষণ ধার্য করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষার নিবন্ধন কার্ড অনুযায়ী মেয়েটির জন্ম ২০০০ সালের ১ এপ্রিল। সে হিসাবে তার বয়স প্রায় ১৬ বছর। বরের বয়স ৩০। বাড়ি হাজীপুর ইউনিয়নে। খবর পেয়ে গত রোববার বিকেল পাঁচটার দিকে মানবাধিকার কমিশনের দক্ষিণ কুলাউড়া আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক তপন দত্ত ও সাংগঠনিক সম্পাদক নয়ন লাল দেব মেয়েটির বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন।
তপন দত্ত বলেন, ‘মেয়েটির বিয়ে আয়োজন করার বিষয়টি তার সহপাঠীরা এলাকার কয়েকজন তরুণকে জানায়। ওই তরুণদের কাছ থেকে খবর পেয়ে আমরা মেয়ের বাড়িতে যাই। ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থানীয় ওয়ার্ডের সদস্যের উপস্থিতিতে তাকে ডেকে এনে কথা বলি। সে (মেয়ে) এ বিয়েতে রাজি ছিল না। এ অবস্থায় অভিভাবকদের বাল্যবিবাহের কুফল ও আইনি বাধা সম্পর্কে জানাই। প্রথমে তাঁরা নানা অজুহাত দেখান। একপর্যায়ে মহিলাবিষয়ক কর্মকর্তাকে মোবাইল ফোনে বিষয়টি জানাই। তিনি (মহিলাবিষয়ক কর্মকর্তা) মেয়ের বাবার সঙ্গে কথা বলেন। পরে তার অভিভাবকেরা বিয়ে বন্ধে রাজি হন।’