সহপাঠীদের হারিয়ে শোকে কাতর শিশুরা
‘বান্ধবীরা কেউ নেই, আমরা কী করে ক্লাসে যাব। বুক কষ্টে ফেটে যাচ্ছে, কী করে আমরা ক্লাবে যাব।’ গতকাল সোমবার সকালে স্কুলে গিয়ে বুক ফাটা কান্নায় এসব কথা বলে বিলাপ করছিল শিক্ষাসফরে বাস উল্টে নিহত সুরাইয়া, মিথিলা, আঁখিদের সহপাঠী বন্ধুরা।
সড়ক দুর্ঘটনায় যশোরের বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাত শিক্ষার্থী নিহত হওয়ার পর গতকাল সোমবার প্রথম শিক্ষার্থীরা স্কুলে যায়। বেঁচে যাওয়া শিক্ষার্থীরা স্কুলে এলে সৃষ্টি হয় এক হূদয়বিদারক দৃশ্যের।
শিক্ষকদের কক্ষের সামনে পঞ্চম শ্রেণীর ছাত্রী রাবেয়া বশরী, জেসিকা আফরিন, জেরিন আফরিন ও মীম—চার বান্ধবী পরস্পরকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে। তাদের কান্নায় সেখানে কেউই চোখের পানি ধরে রাখতে পারেনি।
সকাল ১০টার দিকে স্কুলের অ্যাসেম্বলিতে অংশ নিতে শিক্ষার্থীরা সারি বেঁধে মাঠে দাঁড়ায়। শুরুতেই নিহত সাত শিশুর আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পরিবেশন করা হয় জাতীয় সংগীত। পরে দোয়ার আয়োজন করা হয়।
অভিভাবকদের স্বপ্নের মৃত্যু: নিহত সাত শিক্ষার্থীর মধ্যে দুজন ছেলে ও পাঁচজন মেয়ে। আদরের সন্তানদের হারিয়ে তাদের মা-বাবার চোখের পানি যেন ফুরায় না। বেনাপোলের গাজীপুর গ্রামে গতকাল নিহত সাব্বির হোসেনের বাড়িতে গিয়ে দেখা গেল, মা সবেদা বেগম উঠানে বসে ছেলের স্মৃতিচারণা করছেন আর কাঁদছেন।
সবেদা প্রলাপ বকছিলেন, ‘আমার আব্বাকে (সাব্বির) তোমরা কনে রাখে আসলে। কালকে ও একবারও আমারে মা বলে ডাকেনি।’
নিহত আশরাফুজ্জামানের আঁচড়া গ্রামের বাড়িতে গিয়ে দেখা গেল, মা ছবিরন নেছা সমানে চোখের পানি ফেলছেন। পাশে বাবা দিনমজুর লোকমান হোসেন নির্বাক বসে আছেন।
উম্মে সুরাইয়া আফরিন ও মাসুরা আকতারকে হারিয়ে বাবা সৈয়দ আলী নির্বাক। আড়াই বছর আগে তিনি স্ত্রীকে হারিয়েছেন। এখন তাঁর আর কিছু রইল না।
প্রাথমিক বিদ্যালয়গুলোতে দোয়া
নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত এবং আহত শিক্ষার্থীদের দ্রুত আরোগ্য কামনায় সারা দেশে গতকাল সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দোয়া ও বিশেষ প্রার্থনা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত দোয়ায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান অংশ নেন।