সহপাঠীর উদ্যোগে বন্ধ হলো ছাত্রীর বাল্যবিবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ হয়েছে তার এক সহপাঠীর উদ্যোগে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এই বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ওই ছাত্রীর বিয়ের খবর পেয়ে তার একজন সহপাঠী হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আলমগীর হোসেনকে জানায়। এ ব্যাপারে পদক্ষেপ নিতে তিনি ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানান। পরে থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসানের নেতৃত্বে পুলিশের কয়েকজন সদস্য মেয়েটির বাড়িতে যান।
গোয়াতলা ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম তালুকদার বলেন, পুলিশের কাছ থেকে খবর পেয়ে তাঁরা মেয়েটির বাড়িতে গিয়ে ছাত্রীর বাবাকে বুঝিয়ে বিয়ে বন্ধ করেন।
মেয়েটির বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেন জানান, হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সম্প্রতি এ স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতামূলক সভা করেন। সভায় স্কুলশিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে বাল্যবিবাহ ও মাদকবিরোধী একটি কমিটিও গঠন করা হয়। এতে শিক্ষার্থীরা বাল্যবিবাহ বন্ধের বিষয়ে বেশ সচেতন হয়েছে।
সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলাকে বাল্যবিবাহ, মাদক, জঙ্গিবাদসহ সব অপরাধ থেকে মুক্ত করার লক্ষ্যে তাঁরা সাধারণ মানুষকে নিয়ে কাজ শুরু করেছেন। গতকালের বাল্যবিবাহ বন্ধের ঘটনাও ছিল এ সম্মিলিত প্রয়াসের ফল।