বারান্দায় পা রাখতেই ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী দিপার শরীর থুতু দিয়ে ভরে দিল সহপাঠীরা। বারণ ছিল ক্লাসে ঢোকারও। সেদিন দিপাকে বই হাতে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরতে হয়। দিপার কাছে সহপাঠীদের এমন আচরণের কারণ জানতে চান তার মা-বাবা। কিন্তু কারণ জানা ছিল না তার।
পরদিন স্কুলে গেলে একই পরিস্থিতিতে পড়তে হয় তাকে। এবার সে জানতে পারে সহপাঠীদের মন্দ আচরণের কারণ। সহপাঠীরা জানায়, প্রধান শিক্ষকের নির্দেশে তারা তাকে থুতু ছুড়ে মেরেছে। এর পর থেকে দিপার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। দেওয়া হয়নি প্রথম সাময়িক পরীক্ষাও।
প্রধান শিক্ষকের নির্দেশে ছাত্রীকে গণথুতু ছুড়ে মারার ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের কুলিয়ারচরের উসমানপুর ইউনিয়নের আলীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম বীরেন্দ্র দাস।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বীরেন্দ্র দাস ওই ইউনিয়নের কাপাসাটিয়া গ্রামের বাসিন্দা। তিনি গ্রামে সালিস-দরবার করে থাকেন। আর দিপা রানী দাসের বাড়ি একই ইউনিয়নের আলীরচর গ্রামে। দিপার বাবা জহরলাল দাসের সঙ্গে তার এক চাচার পারিবারিক দ্বন্দ্ব চলছিল। বীরেন্দ্র দাস তাঁদের পারিবারিক ঘটনায় জহরলালের বিপক্ষে অবস্থান নেন। ওই ঘটনার সূত্র ধরে বীরেন্দ্র দাস দুই মাস আগে সব শিক্ষার্থীকে জানিয়ে দেন ওই পরিবারের সদস্যদের ঘৃণা করতে এবং দিপাকে দেখামাত্র থুতু ছুড়ে মারতে। এরপর শিক্ষার্থীরা দিপাকে লক্ষ্য করে থুতু ছুড়ে মারতে শুরু করে।
দিপা জানায়, থুতু মারার পর সে প্রধান শিক্ষকের কাছে নালিশ জানিয়েছিল। কিন্তু প্রধান শিক্ষক বিচার না করে আরও তাকে বকে দেন। এ কারণে দুই মাস ধরে বিদ্যালয়ে যাওয়া হচ্ছে না। একই কারণে পরীক্ষায় অংশ নিতেও সাহস করেনি সে।
শিক্ষার্থীরা থুতু ছুড়ে মারলেও প্রধান শিক্ষক কেন এমন নির্দেশ দিলেন, অনেক শিক্ষার্থীই জানে না তার কারণ। কেন থুতু মেরেছিলে—এমন প্রশ্নে দিপার সহপাঠী সূচনা ও মিতু জানায়, প্রধান শিক্ষক তাদের থুতু দিতে বলেছেন, তাই তারা থুতু দিয়েছে। আজিজুল জানায়, অনেককে থুতু মারতে দেখেছে, কিন্তু কেন মারছে তা তারা জানে না।
মেয়ের বিদ্যালয়ে যাওয়ার পরিবেশ ফিরিয়ে আনতে দিপার বাবা জহরলাল স্থানীয় জনপ্রতিনিধি, সমাজপতি ও উপজেলা শিক্ষা কার্যালয়ে ঘুরে বেড়িয়েছেন। কিন্তু থুতু বন্ধের নিশ্চয়তা আদায় করতে পারেননি। জহরলাল বলেন, থুতুর ভয়ে তাঁর মেয়ে পরীক্ষা পর্যন্ত দিতে যেতে পারেনি। পরীক্ষার দিন ঘরে বসে দিপা অনেক কেঁদেছে।
এদিকে অভিযোগ পাওয়ার পর কুলিয়ারচর উপজেলা শিক্ষা দপ্তর সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু করেছে। গত মঙ্গলবার সহকারী শিক্ষা কর্মকর্তার নেতৃত্বে তদন্ত শুরু হয়েছে। সহকারী শিক্ষা কর্মকর্তা শিক্ষক, শিক্ষার্থী এবং দিপা ও তার মা শুক্লা রানীর সাক্ষ্য গ্রহণ করেছেন।
সহকারী শিক্ষা কর্মকর্তা নাসিমা আক্তার বলেন, ‘থুতু ছুড়ে মারার প্রমাণ পেয়েছি। কিন্তু প্রধান শিক্ষক আমাকে জানিয়েছেন, তিনি থুতু মারার কথা বলেননি। শিক্ষার্থীদের বলেছিলেন, সমাজের মন্দ লোকদের এড়িয়ে চলতে।’
বীরেন্দ্র দাস অভিযোগ অস্বীকার করে বলেন, ‘জহরলাল মন্দ লোক। সমাজের নিয়ম-নীতি মেনে চলতে চান না। এই কারণে শিক্ষার্থীদের সেসব মন্দ লোককে এড়িয়ে চলতে বলেছিলাম, থুতু মারতে নয়।’ দিপাকে ক্লাসে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নিয়েছিলেন কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘দিপা যে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে, তা জানা ছিল না।’