সহপাঠীর ছুরিকাঘাতে ছাত্রী আহত
কক্সবাজারের টেকনাফে গতকাল বৃহস্পতিবার সহপাঠীর ছুরিকাঘাতে এক ছাত্রী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে নয়াপাড়া নবী হোছন উচ্চবিদ্যালয়ে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী জানায়, গতকাল বেলা ১১টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া নবী হোছন উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের পাঠদান শেষে কুলসুম (১৬) ও তার সহপাঠী জাহাঙ্গীর আলম (১৭) হঠাৎ করে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়ে। এরপর কিল-ঘুষি মারার একপর্যায়ে জাহাঙ্গীর তার ব্যাগ থেকে ছুরি বের করে কুলসুমের মুখে ও হাতে আঘাত করে পালিয়ে যায়। আহত কুলসুমকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার পাঠিয়ে দেন।
আহত ছাত্রীর মা বলেন, ‘মেয়েকে নিয়ে কক্সবাজার হাসপাতালে রয়েছি। সে সুস্থ হলে জড়িত ছাত্রের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।’
প্রধান শিক্ষক উদয় শেখর দত্ত বলেন, কিছুদিন আগে বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে ছবি তোলাকে কেন্দ্র করে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছিল। এরপর বিদ্যালয় পরিচালনা কমিটি সালিসের মাধ্যমে বিষয়টি সমাধান করে দেয়। সেই ঘটনার জের ধরে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।