সহপাঠীর পরীক্ষা দিতে এসে কারাগারে
সহপাঠীর হয়ে পরীক্ষা দিতে এসে ধরা পড়েছেন ফরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লী কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র সোহাগ মিয়া। ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়ে দিয়েছেন।গতকাল মঙ্গলবার ফরিদপুরে আলফাডাঙ্গা কলেজ কেন্দ্রে স্নাতক পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মোরাদ হোসেন তালুকদার বলেন, বেলা দেড়টায় বিএ প্রথম বর্ষের ইসলামের ইতিহাস বিষয়ের পরীক্ষা শুরু হয়। এ সময় নবকাম পল্লী কলেজের ছাত্র শওকত হোসেনের হয়ে ইসলামী ইতিহাস বিষয়ের পরীক্ষা দিচ্ছিলেন তাঁর সহপাঠী একই কলেজের সোহাগ মিয়া। বেলা তিনটার দিকে পরীক্ষা কেন্দ্রের পরিদর্শক প্রাণবন্ধু বিশ্বাস সোহাগ বিষয়টি ধরে ফেলেন। পরে কলেজের অধ্যক্ষ মনিরুল হক সিকদার বিষয়টি আলফাডাঙ্গার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান।ইউএনও মো. আবুল খায়ের বলেন, ‘আমি খবর পেয়ে আলফাডাঙ্গা কলেজে গিয়ে অভিযোগের সত্যতা পাই। এ জন্য সোহাগকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি। এ ছাড়া এ ঘটনায় তাঁর সহপাঠী শওকতকে বহিষ্কার করেছি।’