সহপাঠীরাই আদিবাসী স্কুলছাত্রীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগে সোমবার সন্ধ্যায় গ্রেপ্তার হওয়া পাঁচ কিশোর ধর্ষণের বিষয়টি পুলিশের কাছে ও আদালতে দেওয়া জবানবন্দিতে স্বীকার করেছে।গ্রেপ্তার হওয়া পাঁচজনই দশম শ্রেণীর ছাত্র। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। এরা হলো: পিয়াস চাকমা (১৬), খালেদ সামছু (১৭), আহমেদ ফজলে হাসান ওরফে শাওন (১৬), সালমান জামান ওরফে জয় (১৬) ও ফাহাদ উদ্দিন ওরফে পিউল (১৬)। সবাই নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্র। ধর্ষণের শিকার কিশোরীটিও অপর একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্র।গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে পিয়াস ও সালমান গতকাল মঙ্গলবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এতে তারা ধর্ষণে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ।গত রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরের পলিটেকনিক এলাকার পাহাড়ে কিশোরীটিকে অভিযুক্তরা ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। পূর্বপরিকল্পনা অনুযায়ী, তারা এই কাজটি করে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।এ প্রসঙ্গে চট্টগ্রাম নগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘পিয়াসের সঙ্গে মেয়েটির বন্ধুত্ব ছিল। সেই সুবাদে পিয়াস মেয়েটিকে নিয়ে পলিটেকনিক পাহাড়ে বেড়াতে যায়। যাওয়ার আগে পিয়াস তার অন্য বন্ধুদের সঙ্গে পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী বেড়াতে যাওয়ার কিছুক্ষণ পর অন্যরা গিয়ে জোরপূর্বক মেয়েটিকে ধর্ষণ করে। পিয়াসও ধর্ষণ করেছে।’ছাত্রীটি এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার বাবা বাদী হয়ে খুলশী থানায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন।